স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ জুন : এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়। মৃত ব্যক্তির নাম তপন মজুমদার। বয়স ৫৭। ঘটনা সাব্রুম মহকুমার বিজয়নগর এলাকার বরখোলায়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গ্রামের লোকজন বাড়ির নিকটবর্তী একটি পুকুরপাড়ে তপন মজুমদারের নিথর দেহ দেখতে পেয়ে সাব্রুম থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
স্থানীয়দের দাবি, প্রায় ১৫ বছর আগে বিবাহ বিচ্ছেদের পর তিনি নিয়মিত নেশার সঙ্গে জড়িয়ে পড়েন। পরিবারের সদস্যদের মতে, শনিবার রাতে তিনি বাড়িতে ফেরেননি। রবিবার সকালে বাড়ির কাছেই পুকুরপাড়ে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃতের ভাই স্বপন মজুমদার জানান, তার ভাই দীর্ঘদিন ধরে নেশার সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনাস্থলে তদন্তে থাকা এএসআই চেলাফ্রু মগ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

