অলরাউন্ড পারফরম্যান্সে সেরা রজত
স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ মে : দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দাপুটে পারফরম্যান্স বজায় রেখে ৪২তম সর্বভারতীয় উত্তরাখণ্ড গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিল ত্রিপুরা। দেবভূমি গোল্ড কাপ ক্রিকেট অ্যাসোসিয়েশন সোসাইটি আয়োজিত এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচে আজ, শুক্রবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিসিএ) ৪৫ রানের ব্যবধানে শক্তিশালী ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনকে পরাজিত করেছে।
বৃষ্টির কারণে নির্ধারিত সকাল ৯টার পরিবর্তে ম্যাচটি দুপুর ১টায় শুরু হয় এবং ওভার কমিয়ে ২৫ ওভারের করা হয়। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ত্রিপুরা নির্ধারিত ২৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৬ রানের বিশাল স্কোর খাড়া করে। দলের পক্ষে ওপেনার শ্রীদাম পাল মাত্র ৩৮ বলে ৭টি ছক্কা ও ২টি চারের সাহায্যে বিধ্বংসী ৭৫ রান করেন। এছাড়া অধিনায়ক রজত দে ৪৭ বলে ৪টি ছক্কা ও ৫টি চারের সাহায্যে ৭১ রানের অনবদ্য ইনিংস খেলেন। শেষদিকে অরিন্দম বর্মন ১০ বলে ২৬ রান করেন। ঝাড়খণ্ডের পক্ষে আদিত্য সিং ৩২ রানে ২টি উইকেট নেন।
২৩৭ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ত্রিপুরার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ২১.৩ ওভারে ১৯১ রানেই গুটিয়ে যায় ঝাড়খণ্ডের ইনিংস। ঝাড়খণ্ডের পক্ষে উইকেটরক্ষক পঙ্কজ কুমার ৪৯ বলে ৯৬ রানের এক ঝড়ো ইনিংস খেললেও তা দলকে জেতাতে যথেষ্ট ছিল না। বিকাশ কুমার বিশাল ২১ এবং মণীষ ১৯ রান করেন। ত্রিপুরার বোলারদের মধ্যে ভিকি সাহা ৫ ওভারে ৩২ রান দিয়ে একাই ৪টি উইকেট তুলে নিয়ে ঝাড়খণ্ডের ব্যাটিং লাইনে ধস নামান। এছাড়া বিক্রম দেবনাথ ও অর্জুন দেবনাথ ২টি করে এবং দীপ্তনু চক্রবর্তী ১টি উইকেট লাভ করেন। ব্যাট হাতে ৭১ রান এবং বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে ত্রিপুরার অধিনায়ক রজত দে ম্যাচের সেরা (প্লেয়ার অব দ্য ম্যাচ) নির্বাচিত হন। গতকাল প্রথম ম্যাচে রিজার্ভ ব্যাঙ্ককে ৭ উইকেটে হারানোর পর, আজকের এই টানা দ্বিতীয় জয়ের ফলে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান আরও মজবুত করল ত্রিপুরা।

