স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ মে :শহরের জাগিয়ে বসেছে নেশা। মদ, গাঁজা সহ বিভিন্ন রকমের গন্ধহীন নেশা শহরের গোয়ালা বস্তি, রাধানগর, লেইক চৌমুহনি, আইজিএম চৌমুহনী, গান্ধী ঘাট সহ অলি গলিতে ছেয়ে গেছে। অবশেষে পশ্চিম থানার পুলিশ এবং এনসিসি থানার পুলিশের নিদ্রা ভাঙ্গে। বুধবার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় তারা। পশ্চিম আগরতলা থানার ওসি জানান ভাটি অভয়নগর কাঁঠালতলি স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা কাজল দাসের মেয়ে কবিতা দাসের বাড়িতে নেশা সামগ্রী মজুত রয়েছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন।
সেই সংবাদের ভিত্তিতে রামনগর ফাঁড়ি থানার পুলিকে সাথে নিয়ে কবিতা দাসের বাড়িতে তল্লাসি অভিযান চালান। এই তল্লাসি অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ সহ ব্রাউন সুগারের বেশকিছু কৌটা উদ্ধার হয়। সাক্ষিদের উপস্থিতিতে নগদ অর্থ গণনা শেষে বাজেয়াপ্ত করা হয়েছে। একই সাথে বাজেয়াপ্ত করা হয়েছে উদ্ধার হওয়া ব্রাউনসুগারের কৌটা। আটক করা হয়েছে কবিতা দাসের ছেলেকে। তার বিরুদ্ধে এনডিপিএস এক্টে মামলা রুজু করা হবে।
তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তার সাথে আর কে কে যুক্ত রয়েছে তা বের করা হবে। এবং তাদেরকেও গ্রেপ্তার করা হবে। এদিকে রাজধানীর গোয়ালা বস্তি এলাকায় নেশা বিরোধী অভিযান এনসিসি থানার পুলিশের। বুধবার দুপুরে গোয়ালা বস্তি এলাকার একাধিক বাড়িতে অভিযান চালায় এনসিসি থানার পুলিশ। এনসিসি থানার ওসি জানান দীর্ঘ দিন ধরে অভিযোগ ছিল গোয়ালাবস্তি এলাকার কিছু বাড়িতে নেশা সামগ্রী বিক্রয় করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে এইদিন এনসিসি থানার পুলিশ ও টিএসআর জওয়ানদের সাথে নিয়ে গোয়ালাবস্তি এলাকার একাধিক বাড়িতে অভিযান চালানো হয়েছে। এইদিনের অভিযানে বেশকিছু দেশি মদের বোতল ও ব্রাউনসুগার উদ্ধার হয়েছে। নেশা সামগ্রী উদ্ধারের পাশাপাশি ৩ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। তিনি আরও জানান এই ধরনের অভিযান আগামিদিনেও জারি থাকবে। এখন দেখার বিষয় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নিয়ে কঠোর শাস্তি ব্যবস্থা করা হয় কিনা।

