স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ মে : সুরমা কেন্দ্রের অন্তর্গত কমলপুর থেকে মড়াছড়া হয়ে দুর্গাচৌমুহনি যাওয়ার দীর্ঘ প্রায় ১৫ কিলোমিটার রাস্তার বেহাল দশা। সংকীর্ণ রাস্তা ও নিম্নমানের কাজের কারণে নিত্যদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছে পথচারীরা। রাস্তা সংস্কারের নামে ঠিকাদার রাস্তার প্রসস্থ অনেকটাই কমিয়ে দেওয়ায় বর্তমানে রাস্তাটি কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে।
স্থানীয়দের দাবি, আগে যেখানে দুইটি গাড়ি সহজেই যাতায়াত করতে পারত, এখন সেই রাস্তা অনেকটাই শুরু হয়ে গেছে। স্কুল পড়ুয়া থেকে শুরু করে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স— সকলকেই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে রাস্তাটি দিয়ে। বর্ষার সামান্য বৃষ্টিতেই রাস্তার বিভিন্ন অংশ কাদাময় ও বিপজ্জনক হয়ে উঠছে। বারবার প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে অভিযোগ জানিয়েও কোনো স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তাই মঙ্গলবার ছোট সুরমা এলাকায় কমলপুর-মড়াছড়া-দুর্গাচৌমুহনি সড়কে পথ অবরোধ করেন গ্রামবাসী। রাস্তাটি অবিলম্বে সংস্কার করা, রাস্তার প্রসস্থ বৃদ্ধি করা এবং দায়ী ঠিকাদারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান। গ্রামবাসীর হুঁশিয়ারি, দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। প্রশাসনের গাফিলতি ও নিম্নমানের কাজের বিরুদ্ধে এদিন সরব হয় এলাকাবাসী।

