কলকাতা, ৯ মে (হি.স.): পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি সরকার। রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আর এন রবি তাঁকে শপথবাক্য পাঠ করান। এছাড়াও মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল প্রমুখ। কড়া নিরাপত্তার বেষ্টনীর মধ্যে শনিবার বিপুল জনসমাগম হয় ব্রিগেডে। সকালে হুডখোলা গাড়িতে ব্রিগেডে প্রবেশ এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চে উঠে রবীন্দ্রনাথ ঠাকুরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদী। মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা এনসিপি নেতা প্রফুল পটেল, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি, চিরাগ পাসোয়ান, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা, স্মৃতি ইরানি, শিবরাজ সিংহ চৌহান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবীশ, অগ্নিমিত্রা পাল, মিঠুন চক্রবর্তী-সহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। কালীঘাট মন্দিরের আদলে ব্রিগেডে শপথগ্রহণের মঞ্চ প্রস্তুত করে বিজেপি। মঞ্চে মা কালী, মা দুর্গার ছবি ছিল। ছিল গঙ্গাসাগরের সাধুদের ছবিও। ২৫ বৈশাখ রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আলাদা করে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানানো হয় ব্রিগেডে। বাজে রবীন্দ্রসঙ্গীত।

