স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ এপ্রিল : অন্যান্য বছরের ন্যায় এই বছরও শুরু হয়েছে চৈত্র মেলা। তবে এই বছর রাজধানীর শিশু উদ্যানে চৈত্র মেলা অনুষ্ঠিত হবে। যানজট এড়াতে রাজধানীর শকুন্তলা রোড এবং ওরিয়েন্ট চৌমহনী এলাকায় মেলা বসতে দেওয়া হয়নি। বিগত কয়েক বছরের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের আগরতলা পুর নিগম থেকে বিনামূল্যে স্টল নির্মাণ করে দেওয়া হয়েছে। এতে খুশি ক্ষুদ্র ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় মেলার উদ্বোধন হয়।
এইদিন সকাল থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের দোকান সাজাতে শুরু করেন। এই বছর চৈত্র মেলায় প্রায় আট শতাধিক স্টলের ব্যবস্থা করা হয়েছে। এই স্টল গুলিতে বিদ্যুৎ-এরও ব্যবস্থা করা হয়েছে। তবে এক যুবক জানান তিনি প্রতারণার শিকার হয়েছেন। ফর্মের জন্য যখন লাইনে দাঁড়িয়ে ছিলেন তখন তাকে এক ব্যক্তি এসে বলেন, ডেপুটি মেয়র মনিকা দাস দত্তের বিরুদ্ধে চৈত্র মেলার টিকিট নিয়ে কুৎসা রটানোর জন্য। কারণ ডেপুটি মেয়র ২৫ টি ফর্ম অগ্রিম দিয়ে ফেলেছেন। এবং এই কুৎসা রটানোর পর তাকে দুটি টিকিট বিনামূল্যে দিয়ে দেওয়া হবে। কোথাও লাইন ধরতে হবে না বলে জানিয়ে দেন। সেই প্রলোভনে পা দিয়ে প্রতারণার শিকার হন তিনি।

