স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ মার্চ : আগরতলা শহরবাসী জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারছে না সরকার এবং আগরতলা পুর নিগম। গত কয়েক বছরে আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়েও জলের সমস্যা থেকে থেকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি সরকারের পক্ষে। রাজ্যে বর্ষার মরশুম আসন্ন। প্রতিবছরের মত এবারও যেন ব্যর্থতা জনসাধারণের সামনে উঠে না আসে তার জন্য একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে আগরতলা পুর নিগম।
আগরতলা শহরের বিভিন্ন এলাকায় ড্রেইন প্রসস্তকরণ, নতুন নতুন কালভার্ট নির্মাণ এবং ড্রেইনের উপর কভার নির্মাণের কাজ চলছে জোর কদমে। শুক্রবার এই সকল নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এইদিন আগরতলা শহরে চলমান উন্নয়ন মূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখার পর মেয়র দীপক মজুমদার জানান আগরতলা পুর নিগম এলাকায় যে সকল সরকারি প্রকল্পের কাজ চলছে তার অগ্রগতি সরজমিনে এইদিন খতিয়ে দেখেছেন।
শহরবাসিকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে অতিরিক্ত আরও তিনটি পাম্প মেশিন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই মোতাবেক টেন্ডার করে পাম্প বসানোর জন্য জায়গা চিহ্নিত করে দেওয়া হয়েছে। টিআরটিসি সংলগ্ন স্থানে একটি পাম্প বসানো হবে। পাশাপাশি শকুন্তলা রোড ও বানী বিদ্যাপিঠ স্কুল সংলগ্ন স্থানে আরও দুইটি পাম্প বসানো হবে। এবং দ্রুত পাম্প গুলি যেন জল নিয়ন্ত্রণ করতে পারে সেই বন্দোবস্ত করা হবে বলে জানান মেয়র।

