স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ মার্চ :জাল নোট সহ রাষ্ট্রবাদী নেতার ভাইকে অবশেষে জাল পেতে ধরলেন সোনামুড়া মহকুমার এক ব্যবসায়ী। অভিযুক্তের নাম আমির হোসেন। বাবার নাম আব্দুল জলিল খন্দকার। তার বাড়ি বড়দোয়াল ১ নং ওয়ার্ড এলাকায়। তার কাছে থেকে মোট ৮ হাজার টাকার জাল নোট উদ্ধার হয় শুক্রবার । এই ব্যবসায়ী জানিয়েছেন অভিযুক্ত আমির হোসেন আগেও জাল টাকার বিনিময়ে তার দোকান থেকে কেনাকাটা করেছিল। কিন্তু এই জাল নোটের বিনিময়ে তারা কেনাকাটা করতে আসে এর জন্য শুক্রবার তারা ফাঁদ পেতে রাখে। তাদের সেই পাতা ফাঁদেই অবশেষে জড়িয়ে গেল আমির হোসেন নামের সেই জাল নোট কারবারি।
তার কাছ থেকে ৫০০ টাকার জাল নোট উদ্ধার করে তারা। এদিকে জাল নোট কারবারি আমির হোসেনের বক্তব্যে ব্যাপক গড়মিল পাওয়া যায়। সে একবার বলছে সে সবজি ব্যবসায়ী, আরেকবার বলছে সে গাড়ির চালক। সে বলছে বাঁশপুকুর এলাকায় কাজ করার পর তাকে নাকি এই টাকা দেওয়া হয়েছে। কিন্তু তারা তাকে এই টাকা দিল এর কোন সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি সে। স্বাভাবিকভাবেই জাল নোট সহ জাল নোটের কারবারি ধরা পড়ায় এদিন ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় আমজনতার মধ্যে। ঘটনাস্থলে কৌতুহলী জনতার ভিড় দেখা যায় এদিন। সোনামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে আমির হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তবে আমির হোসেনের এই গ্রেপ্তার হওয়ার ঘটনা একটা বড়সড়ো সাফল্য বলা যেতে পারে। কারণ জাল নোট কারবারের সঙ্গে সে একা নিশ্চিত ভাবেই জড়িত নয় এই কারবারের সঙ্গে রাঘব বোয়ালদের যে বড়সড়ো একটি চক্র জড়িত রয়েছে তা এবারে বেরিয়ে আসবে পুলিশের তদন্তে।

