বাড়িরাজ্য২০ লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ সহ গ্রেপ্তার এক এবং...

২০ লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ সহ গ্রেপ্তার এক এবং পলাতক এক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ জানুয়ারি :কদমতলা থানাধীন ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী ইছাইপাড় এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ ও বিএসএফ। যৌথ অভিযানে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট, ভারতীয় ও বাংলাদেশি টাকা সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর জেলা গোয়েন্দা পুলিশের কাছে পাওয়া গোপন খবরের ভিত্তিতে কদমতলা থানার পুলিশ এবং ৯৭ নম্বর বিএসএফ ব্যাটালিয়ন যৌথভাবে রবিবার রাতে অভিযান চালায়। অভিযানের সময় ইছাইপাড় এলাকায় তাজ উদ্দিনের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাড়ি থেকে ১০টি প্যাকেটে মোট ১,৯২৯টি ইয়াবা ট্যাবলেট, চারটি মোবাইল ফোন, ভারতীয় ৭৭,৯১০ টাকা এবং ১,৫৭৭ টাকা বাংলাদেশি নোট উদ্ধার করা হয়। যদিও অভিযান চলাকালীন বাড়ির মালিক তাজ উদ্দিন পালিয়ে যেতে সক্ষম হয়, তবে ঘটনাস্থল থেকেই নিজাম উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়।ধৃত নিজাম উদ্দিন কদমতলা থানার অন্তর্গত ভাগ্যপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কদমতলা থানার পুলিশ কর্মী রেমুলাস সাংমা জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।

এই ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে পলাতক বাড়ি মালিক তাজ উদ্দিনের সন্ধানে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, ধৃত ব্যক্তিকে পুলিশি রিমান্ডের আবেদন জানিয়ে জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ রিমান্ডে জোর জিজ্ঞাসাবাদ চালালে এই মাদক চক্রের সঙ্গে যুক্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য ও নাম সামনে আসবে।  উল্লেখযোগ্যভাবে, দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল যে আন্তর্জাতিক সীমান্তবর্তী এই এলাকা মাদক পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সাম্প্রতিক এই সাফল্যে সীমান্ত এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে পুলিশের তৎপরতা আরও জোরদার হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য