স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ অক্টোবর :আগামী ৩১ অক্টোবর সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মজয়ন্তী। দেশবাসী দিনটি একতা দিবস হিসেবে পালন করে। আসন্ন একতা দিবসকে সামনে রেখে ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। গত সোমবার সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তিতে মাল্যদান করে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অভয়নগর স্থিত প্রধান শাখা কর্মসূচি সূচনা করেছেন।
মঙ্গলবার আগরতলা শহরে একটি সচেতন মূলক মিছিলের আয়োজন করা হয়। অভয়নগর শাখার সামনে থেকে শুরু হয় এই মিছিল। উপস্থিত গ্রামীণ ব্যাংকের জেনারেল ম্যানেজার অনুপ কুমার সাহা জানান, দুর্নীতি একটা দেশকে পঙ্গু করে দিতে পারে। তাই দুর্নীতি মুক্ত ভারত গড়তে সংকল্প নিয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। এই উদ্দেশ্য নিয়ে আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে কর্মসূচি। রাজ্যের বিভিন্ন বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ে এই সচেতনমূলক কর্মসূচি করা হবে বলে জানান তারা।

