Wednesday, February 4, 2026
বাড়িবিশ্ব সংবাদযুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র চুক্তির মেয়াদ বাড়াতে চান পুতিন

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র চুক্তির মেয়াদ বাড়াতে চান পুতিন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২৩ সেপ্টেম্বর ।। যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়াতে চায় রাশিয়া। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন প্রস্তাবই দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে। রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের হাতে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রভান্ডার আছে। এই অস্ত্রের সংখ্যা সীমিত রাখতে দুই দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত ‘নিউ স্টার্ট চুক্তি’ স্বাক্ষর হয়েছিল ১৫ বছর আগে।

২০২৬ সালের ৫ ফেব্রুয়ারিতে শেষ হতে চলেছে এই চুক্তির মেয়াদ। চুক্তির আওতায় দুই দেশের জন্যই সর্বাধিক ১,৫৫০টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েনের সীমা বেঁধে দেওয়া হয়েছে। চুক্তির মেয়াদ যদি না বাড়ে তাহলে দুই দেশই সীমা অতিক্রম করতে পারে।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ক্রেমলিনের নিরাপত্তা পরিষদের ভাষণে পুরনো এই পারমাণবিক চুক্তির কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, “রাশিয়া ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারির পর এক বছর পর্যন্ত নিউ স্টার্ট চুক্তির শর্ত মেনে চলতে প্রস্তুত। “এরপর পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে আমরা এই স্বেচ্ছাসিদ্ধ বিধিনিষেধ বজায় রাখব কি না। তবে যুক্তরাষ্ট্র একইভাবে আচরণ করলে তবেই এ উদ্যোগ কার্যকর হবে।”

পুতিনের এই প্রস্তাব এমন এক সময়ে এল, যখন তিনি ইউক্রেইন যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্পের চাপের মুখে রয়েছেন। মস্কো বলছে, ইউক্রেইন সংকটসহ একাধিক নিরাপত্তা সংক্রান্ত বিষয় পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনাকে ঠেলে দিয়েছে শীতল যুদ্ধ-পরবর্তী সময়ের সবচেয়ে সংকটময় অবস্থায়।

নিউ স্টার্ট চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রবিস্তার রোধের স্বার্থে দেওয়া হচ্ছে এবং এতে করে যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়ার আলোচনার পথও সুগম হতে পারে বলে পুতিন উল্লেখ করেছেন। তিনি এও বলেন, যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সক্ষমতার বিদ্যমান ভারসাম্য ক্ষুন্ন বা লঙ্ঘন করার মতো কিছু না করলে এ পদক্ষেপ কার্যকর হতে পারবে।

পুতিনের এই প্রস্তাব মস্কোর একতরফা নীতির পরিবর্তন বলেই মনে করা হচ্ছে। কারণ, এখন পর্যন্ত রাশিয়া জোর দিয়ে একথাই বলে এসেছে যে, অস্ত্র সম্পর্কিত বিষয় নিয়ে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কেবল তখনই কথা বলবে, যদি ইউক্রেইন যুদ্ধ নিয়ে মতবিরোধে দু’পক্ষের সামগ্রিক সম্পর্কে বিঘ্ন কেটে যায়।

ইউক্রেইন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার মতবিরোধের কারণে দুই সুপারপাওয়ার এখনও নিউ স্টার্ট চুক্তি নবায়ন কিংবা রদবদল করা নিয়ে আলোচনা শুরু করেনি। যদিও ট্রাম্প কয়েকবার ইঙ্গিত দিয়েছেন, তিনি চীনকেও অন্তর্ভুক্ত করে একটি নতুন চুক্তি চান। কিন্তু বেইজিং স্পষ্ট জানিয়েছে, তারা এমন কোনও উদ্যোগে অংশ নেবে না।

ওয়াশিংটনে পুতিনের প্রস্তাবের খবর নথিভুক্ত হলেও এখনও সুনির্দিষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, “প্রেসিডেন্টই পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তিনি তার নিজের সময়ে এটি পরিষ্কার করবেন।” ওদিকে, ওয়াশিংটন ডিসির ‘আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন’-এর নির্বাহী পরিচালক ড্যারিল কিমবল পুতিনের প্রস্তাবকে ইতিবাচক আখ্যা দিয়ে বলেছেন, “এটি একটি স্বাগত পদক্ষেপ। এখন ওয়াশিংটনের উচিত একইভাবে সাড়া দেওয়া। এতে বিশ্বের সবচেয়ে তাৎক্ষণিক অস্তিত্ব সংকটের ঝুঁকি কমানো সম্ভব হবে।”

এই চুক্তির বিষয়টি তাৎপর্যপূর্ণ। কারণ ইউক্রেইন যুদ্ধ নিয়ে রাশিয়ার ওপর ক্ষিপ্ত যুক্তরাষ্ট্র। ট্রাম্প নিজে একাধিকবার দাবি করে এসেছেন, তিনি এই যুদ্ধ থামাবেন। দুই পক্ষের সঙ্গে অনেকবার বৈঠকও করেছেন। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি।

উল্টে রাশিয়াকে নিশানা করে ভারতের ওপর দ্বিগুণ শুল্ক চাপিয়েছেন তিনি। যুক্তি দিয়েছেন, ভারত রাশিয়ার তেল কিনে পরোক্ষভাবে ইউক্রেইন যুদ্ধে সাহায্য করছে। এ বিষয়টি নিয়ে রাশিয়া ভারতের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রকে নিশানা করেছে। কিন্তু এমন পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিয়ে কিছুটা হলেও নরম হচ্ছে ক্রেমলিন।

পুতিন সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বাড়ায় বা মহাকাশে প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেয়, তবে এই চুক্তির মূল লক্ষ্য ব্যাহত হবে। তিনি বলেন, “এ ধরনের অস্থিতিশীল কার্যক্রম বাস্তবায়িত হলে নিউ স্টার্টের স্থিতাবস্থা রক্ষায় আমাদের প্রচেষ্টা ব্যর্থ হবে। আমরা সে অনুযায়ী প্রতিক্রিয়া জানাব।”

ওদিকে, রাশিয়ার জ্যেষ্ঠ সিনেটর কনস্তান্তিন কোসাচিওভ বলেছেন, “পুতিনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রতি স্পষ্ট বার্তা যে, তিনি নতুন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিয়ে আলোচনায় আগ্রহী। আশা করি, ওয়াশিংটন এটি সঠিকভাবে বুঝবে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য