স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ আগস্ট : সোমবার সকাল ৭ টা নাগাদ সাব্রুমের পয়াংবাড়ি আর.ডি ব্লকের অন্তর্গত সমরেন্দ্রগঞ্জ উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে পথ অবরোধে সামিল হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাদের সঙ্গে আন্দোলনে অংশ নেন এলাকার স্থানীয় অভিভাবকরা। আন্দোলনকারীদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে—প্রাথমিক বিভাগের জন্য চারজন শিক্ষক নিয়োগ, একজন স্থানীয় শিক্ষক নিয়োগ, বিদ্যালয়ে মিড ডে মিল রান্নার কাজের জন্য এল.পি.জি গ্যাসের সংযোগ প্রদান করা এবং নার্সারি বিভাগের ছাত্রছাত্রীদের জন্য দুইজন আয়া নিয়োগ করা।
অভিভাবকদের অভিযোগ, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও কর্মী না থাকায় বিদ্যালয়ের স্বাভাবিক পঠন-পাঠন ও কচিকাঁচাদের দেখভালে সমস্যার সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন ধরে এসব সমস্যার সমাধানের দাবি জানানো হলেও কার্যকর ব্যবস্থা না হওয়ায় শেষ পর্যন্ত ছাত্রছাত্রী ও অভিভাবকরা একসঙ্গে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান তারা। শেষ পর্যন্ত ঘটনাস্থলে ছুটে আসে প্রশাসনিক কর্মীরা। তাদের আশ্বাসে অবরোধ মুক্ত হয়। এদিন সকাল সাতটা থেকেই বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে পথ অবরোধ করায় এলাকায় যান চলাচলেও প্রভাব পড়ে। দ্রুত বিদ্যালয়ের সমস্যাগুলি সমাধানের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান