স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ জুলাই :জল কর নিয়মিত পরিশোধ করেও ছয় মাস ধরে এক ফোঁটা পানীয় জল পায় নি কৈলাসহর দুর্গাপুর এলাকাবাসী। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে কৈলাসহর পুর পরিষদের ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের স্থানীয় লোকজন পথ অবরোধে শামিল হয়। এদিন বিক্ষুব্ধ জনতা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়।
অভিযোগ, কৈলাসহর দুর্গাপুর এলাকাজুড়ে দীর্ঘদিন ধরে পানীয় জলের সরবরাহ নেই। বহুবার পুর পরিষদের দারস্থ হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। একদিকে নিয়ম করে জলকর বাড়িয়ে চলছে সরকার, অন্যদিকে প্রয়োজনীয় জল থেকেই মানুষ বঞ্চিত করছে। এই দ্বৈত নীতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। স্থানীয় এক মহিলা সংবাদ মাধ্যমকে বলেন, জল কর না দিলে স্থানীয় পৌরসভা থেকে প্রয়োজনীয় কাগজ দেয় না। অথচ ছয় মাস ধরে জল মিলছে না। আরো অভিযোগ, ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর অঞ্চল বহুদিন ধরেই উপেক্ষিত। অন্যান্য এলাকায় বিকল্প জল ট্যাংকার এলেও দুর্গাপুর যেন পরিকল্পিতভাবে বাদ পড়ে যাচ্ছে। এই পথ অবরোধের ফলে একাধিক যানবাহন আটকে পড়ে। সমস্যা হয় পথচারীদের।

