স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ এপ্রিল : পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বুধবার বিলোনিয়া মহকুমার রাজনগরে এক নির্বাচনী জন সভার আয়োজন করা হয়। এই সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নির্বাচনী জন সভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন সাধারন মানুষ শান্তি চায়।
কিন্তু কমিউনিস্ট শাসনকালে রাজ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে রাখা হয়েছিল। একটা সময় মানুষ কমিউনিস্টদের অত্যাচার থেকে মুক্তি পেতে কংগ্রেস জোট সরকারকে ক্ষমতায় আনে। কিন্তু মানুষ প্রত্যক্ষ করেছে কংগ্রেস জোট সরকারের কাজকর্ম কমিউনিস্ট শাসনকালের কার্বন কপি। পূর্বতন কেন্দ্রীয় সরকারের সময় একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। কিন্তু নরেন্দ্র মোদী ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর দেখিয়ে দিয়েছেন দুর্নীতি ছাড়াও একটা সরকার চলতে পারে। নরেন্দ্র মোদী দেশের রাজনীতির পরিভাষা পাল্টে দিয়েছেন।
মানুষকে শোষণ করার জন্য রাজনীতি নয়। রাজনীতি মানুষের স্বার্থে কাজ করার জন্য। মুখ্যমন্ত্রী এইদিন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মুখী কাজের বিষয়ে তুলে ধরেন। প্রধানমন্ত্রী সর্বদা বলে থাকেন উত্তর-পুরবাঞ্চলের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না। যার কারনে এক্ট ইস্ট পলিসির মাধ্যমে প্রধানমন্ত্রী ত্রিপুরা রাজ্যকে হিরা মডেল দিয়েছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন বিভিন্ন রাজ্যের তুলনায় বর্তমানে ইন্টারনেট পরিষেবা উন্নত। রেল যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। রেলের বৈদ্যুতিকরনের কাজ শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী এইদিন পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ও পূর্ব আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মণকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। জনসভায় এইদিন মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না মজুমদার, বিজেপি দক্ষিন জেলা সভাপতি শঙ্কর রায় সহ অন্যান্যরা। জনসভায় এইদিন জন ঢল আছড়ে পরে।

