আগরতলা, ১৯ নভেম্বর
(হি.স.)
: সুপার সাইক্লোন
‘আকভান’-এর পরোক্ষ প্রভাবে ত্রিপুরায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের তিন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়ে হলুদ সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর
(আইএমডি)। আগামী শনিবার পর্যন্ত রাজ্যের আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত এবং ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে ঘূর্ণিঝড়টির সরাসরি কোনও প্রভাব ত্রিপুরায় পড়বে না বলে জানিয়েছেন আইএমডির আগরতলা শাখার সহকারী অধিকর্তা আদিত্য রাজ বর্মন।
ঘূর্ণিঝড়
‘আকভান’-এর পরোক্ষ প্রভাব ইতিমধ্যেই রাজ্যের আবহাওয়ায় অনুভূত হতে শুরু করেছে। বুধবার গভীর রাত থেকেই ত্রিপুরার বিভিন্ন জেলায় শুরু হয় ঝিরঝিরে বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী আগরতলা-সহ রাজ্যের বিস্তীর্ণ এলাকার আকাশ মেঘে ঢাকা ছিল। দিনের বিভিন্ন সময়ে রাজধানী-সহ একাধিক জেলায় হালকা বৃষ্টিপাতও হয়েছে। আবহাওয়ার এই পরিস্থিতি আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। শনিবারও আকাশ মেঘলা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে আইএমডির আগরতলা শাখার সহকারী অধিকর্তা আদিত্য রাজ বর্মন জানান,
ঘূর্ণিঝড়
‘আকভান’-এর পরোক্ষ প্রভাবেই রাজ্যে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ ত্রিপুরা,
গোমতী এবং সিপাহীজলা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
তিনি আরও জানান,
শুক্রবারও রাজ্যের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম ত্রিপুরা,
গোমতী,
সিপাহীজলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় বৃষ্টির দাপট বাড়তে পারে। তবে শনিবার থেকে বাতাসের গতিবেগ কমে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শুক্রবার পর্যন্ত আবহাওয়ার প্রতিকূলতা বজায় থাকলেও শনিবার ঝোড়ো হাওয়ার দাপট থাকবে না বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
এদিকে দিল্লির মৌসম ভবন থেকেও বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড়
‘আকভান’-এর অবস্থান ও গতিপ্রকৃতি নিয়ে একটি বিশেষ বুলেটিন প্রকাশ করা হয়েছে। ওই বুলেটিন অনুযায়ী,
ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল ওড়িশার পুরী থেকে প্রায় ৫৯০ কিলোমিটার এবং গোপালপুর থেকে প্রায় ৫৩০ কিলোমিটার দক্ষিণ দিকে। ঘন্টায় প্রায় ১২ কিলোমিটার গতিতে উত্তর দিকে অগ্রসর হচ্ছিল ঘূর্ণিঝড়টি।
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী,
শুক্রবার দুপুর নাগাদ পুরী ও নরসাপুরের মধ্যবর্তী কোনও উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে। স্থলভাগে আছড়ে পড়ার সময় উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এমনকি ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।
যদিও ঘূর্ণিঝড়টির সরাসরি আঘাত থেকে ত্রিপুরা নিরাপদ থাকবে বলে জানিয়েছে আইএমডি,
তবে এর পরোক্ষ প্রভাবে আগামী কয়েক দিন রাজ্যের আবহাওয়া অস্থির থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ,
গোমতী ও সিপাহীজলা জেলার বাসিন্দাদের ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে নভেম্বরের মাঝামাঝি সময়ে রাজ্যে শীতের স্বাভাবিক আবহের পরিবর্তে বৃষ্টি ও মেঘলা আকাশের পরিস্থিতি তৈরি হয়েছে।
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর পরোক্ষ প্রভাবে দুর্যোগের আশঙ্কা ত্রিপুরায়, তিন জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান