Monday, November 16, 2026
বাড়ি রাজ্য বিরসা মুণ্ডার স্মরণে রাজধানীতে বর্ণাঢ্য পদযাত্রা, জনজাতি ঐক্যের বার্তা

বিরসা মুণ্ডার স্মরণে রাজধানীতে বর্ণাঢ্য পদযাত্রা, জনজাতি ঐক্যের বার্তা

বিরসা মুণ্ডার স্মরণে রাজধানীতে বর্ণাঢ্য পদযাত্রা, জনজাতি ঐক্যের বার্তা


আগরতলা, ১৫ নভেম্বর (হি.স.) : মহান স্বাধীনতা সংগ্রামী তথা জনজাতি নেতা ভগবান বিরসা মুণ্ডার ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে তাঁকে স্মরণ করল মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্ট। এই উপলক্ষ্যে রবিবার রাজধানী আগরতলায় ট্রাস্টের উদ্যোগে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রার মধ্য দিয়ে বিরসা মুণ্ডার সংগ্রামী জীবন, আত্মত্যাগ এবং জনজাতি সমাজের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে স্মরণ করার পাশাপাশি সকল অংশের জনজাতি মানুষের মধ্যে ঐক্য ও সংহতির বার্তা তুলে ধরা হয়।

এদিন উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে পদযাত্রার সূচনা হয়। পদযাত্রায় নেতৃত্ব দেন মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের বিপিন দেববর্মা। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পদযাত্রাটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে শেষ হয়। পদযাত্রায় অংশগ্রহণকারীরা ভগবান বিরসা মুণ্ডার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আদর্শ ও সংগ্রামের তাৎপর্য তুলে ধরেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপিন দেববর্মা বলেন, ভগবান বিরসা মুণ্ডা ছিলেন জনজাতি সমাজের অধিকার, আত্মমর্যাদা ও স্বাধীনতার এক অবিস্মরণীয় প্রতীক। জনজাতি সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ করে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তিনি দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন। তাঁর নেতৃত্বে সংঘটিত সংগ্রাম শুধু ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ ছিল না, বরং জনজাতি সমাজের অস্তিত্ব, অধিকার ও স্বাভিমান রক্ষার এক ঐতিহাসিক লড়াইও ছিল।

তিনি আরও বলেন, বিরসা মুণ্ডার অবদান ও আত্মত্যাগকে যথাযথ সম্মান জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে ২০২১ সাল থেকে ১৫ নভেম্বর দিনটি দেশজুড়ে ‘জনজাতি গৌরব দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। এই দিনটি জনজাতি সমাজের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং স্বাধীনতা সংগ্রামে তাঁদের অসামান্য অবদানকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

সারা দেশের পাশাপাশি ত্রিপুরাতেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জনজাতি গৌরব দিবস উদযাপিত হচ্ছে। এই বিশেষ দিনে জনজাতি সমাজের সকল অংশের মানুষের মধ্যে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও সংহতির বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে বলে জানান বিপিন দেববর্মা।

উল্লেখ্য, ভগবান বিরসা মুন্ডার জীবন ও সংগ্রাম আজও দেশের জনজাতি সমাজের কাছে অনুপ্রেরণার উৎস। তাঁর আত্মত্যাগ, সাহসিকতা এবং অধিকার প্রতিষ্ঠার আদর্শকে আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি জনজাতি সমাজের ঐক্যবদ্ধ অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বানও উঠে আসে এদিনের পদযাত্রা থেকে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha