Saturday, November 14, 2026
বাড়ি রাজ্য সিপিআইএমের প্রচার কর্মসূচিতে দুর্বৃত্তদের হামলা, রক্তাক্ত দুই

সিপিআইএমের প্রচার কর্মসূচিতে দুর্বৃত্তদের হামলা, রক্তাক্ত দুই

সিপিআইএমের প্রচার কর্মসূচিতে দুর্বৃত্তদের হামলা, রক্তাক্ত দুই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ নভেম্বর : নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে গোটা রাজ্যের সঙ্গে আগরতলা শহরের বুকেও একের পর এক ঘটনা সংঘটিত হয়ে চলেছে। এবার দিনের আলোতে প্রকাশ্যে বিরোধী দলের কর্মসূচির উপর আঘাত আনল দুর্বৃত্তরা। অভিযোগের আঙ্গুল উঠেছে শাসকদলের বিরুদ্ধে। শাসক দল বিজেপির দুর্বৃত্তরা এই ঘটনা সংগঠিত করেছে শুক্রবার দুপুরে রাজধানীর কৃষ্ণনগর থেকে বাটকারা অফিস যাওয়ার রাস্তায়। এদিন সকাল থেকেই স্থানীয় সিপিআইএম কর্মী সমর্থকরা ১৭ নং ওয়ার্ডের মনোনীত প্রার্থী বৈশালী মজুমদার এবং ১৯ নং ওয়ার্ডের প্রার্থী অপরূপার দেববর্মার জন্য ভোট প্রচার করে আসছিল।

 ১৭ নং ওয়ার্ডের অন্তর্গত লেক চৌমহনি থেকে দুর্গা চৌমুহনি পর্যন্ত যখন ভোট প্রচারে বের হয়েছিলেন তখন স্থানীয় কিছু শাসকদলের দুর্বৃত্ত মুখে মাস্ক পড়ে এসে তাদের উপর আক্রমণ সংঘটিত করার জন্য জড়ো হয়েছিল। পরবর্তী সময় তাদের উপর আক্রমণ করতে না পেরে গা ঢাকা দেয় তারা। দুপুরের নাগাদ দলীয় কার্যালয়ে খাবার খেয়ে তারা ১৯ নং ওয়ার্ডের প্রার্থী অপরূপা দেববর্মার হয়ে এডভাইজার চৌমহনী এলাকায় প্রচার লাগায়। কিছুক্ষণ পর দুজন কর্মী বাড়ি ফিরে যাওয়ার সময় লাঠিসাটা, লোহার রড নিয়ে তাদের উপর দুর্বৃত্তরা এসে ঝাঁপিয়ে পড়ে। দুজন সিপিআইএম কর্মী সঞ্জয় দেববর্মা এবং রোহিত গাঙ্গুলিকে রড এবং লাঠি দিয়ে বেধড়ক মারধর করে রক্তাক্ত করেন। তাদের চিৎকারে আশেপাশের মহিলারা ছুটে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এলাকার মহিলাদের বক্তব্য এমন হলে কিসের ভোট? ভোট বন্ধ করে দেওয়া হোক! এলাকায় আগে এমন ঘটনা ঘটেনি।

কিছুদিন আগে এলাকায় পূজা অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক দল-মত ভুলে মানুষ সম্প্রীতির বার্তা দিয়েছে। নির্বাচন আসতেই এ ধরনের প্রানঘাতী হামলা কোনোভাবেই বরদাস্ত করার নয়। এলাকার মহিলারা শান্তি চায়। দিন দুপুরে প্রকাশ্যে এমন ঘটনা অত্যন্ত নিন্দা জনক বলে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দোষীদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি করলেন তারা। পরবর্তী সময় সিপিআইএমের সদর জেলা কমিটির নেতৃত্ব অমল চক্রবর্তী সহ দলীয় কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা কর্নেল চৌমুহনি এলাকায় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ অভিযোগ দায়ের করে ঘটনা তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha