স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ অক্টোবর : প্রতিমা নিরঞ্জনের পর
জলদূষণের মাত্রা যাচাই, দীপাবলির আগে শব্দ ও বায়ুর গুণমান পর্যবেক্ষণ শুরু করেছে ত্রিপুরা
রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। প্রতিবছর পুজোর মরশুমে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে
তৎপর ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে। কেন্দ্রীয়
দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকা মেনে দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও কালীপূজাকে কেন্দ্র
করে রাজ্যজুড়ে পর্যবেক্ষণের কাজ শুরু করে।
পর্ষদের আধিকারিক
ডক্টর রাজীব পাল জানান, প্রতিমা নিরঞ্জনের আগে এবং পরে জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে
তার গুণমান বিশ্লেষণ করা হচ্ছে। শুক্রবার দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হওয়ার পর
শনিবার প্রতিমা নিরঞ্জনস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামী সাত থেকে আট দিন পরও
ধারাবাহিকভাবে এই পর্যবেক্ষণ চলবে। বিশ্লেষণের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি
করে সংশ্লিষ্ট দপ্তর এবং কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ-সহ প্রয়োজনীয় কর্তৃপক্ষের
কাছে পাঠানো হবে। শুধু জলদূষণ নয়, উৎসবের মরসুমে শব্দদূষণ নিয়ন্ত্রণেও নজরদারি চালাচ্ছে
পর্ষদ। আধিকারিকের বক্তব্য অনুযায়ী, গণেশপুজো থেকে দুর্গাপুজো পর্যন্ত দিন-রাত শব্দের
তীব্রতা পরিমাপ করা হয়েছে। নীরব এলাকা, আবাসিক এলাকা এবং বাণিজ্যিক এলাকায় শব্দের
মাত্রা পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামী লক্ষ্মীপুজো ও দীপাবলির সময়ও শব্দদূষণের পাশাপাশি
বায়ুর গুণমান পরীক্ষা করা হবে। পর্ষদের আধিকারিক জানান,
উদয়পুরের
জোনাল অফিস-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় একইভাবে পরিবেশ পর্যবেক্ষণ করা হচ্ছে।
পর্ষদের লক্ষ্য,
উৎসবের আনন্দের পাশাপাশি পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা এবং প্রতিমা নিরঞ্জন, শব্দ ও
বায়ুদূষণের সম্ভাব্য প্রভাব সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের মাধ্যমে প্রয়োজনীয়
পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান