স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ জুলাই : রাস্তা অতিক্রম করার সময় বেপরোয়া বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক ৬৫ বছর বয়সী বৃদ্ধার। ঘটনা মেলাঘর থানা এলাকার কলমখেত মুড়াপাড়া তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ড এলাকায়।
মৃত মহিলার নাম চন্দ্রবান বিবি। ঘাতক বাইক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও, খবর পেয়ে তদন্তে নেমেছে মেলাঘর থানার পুলিশ। জানা যায়,প্রতিদিনের মতোই দোকান থেকে কাজকর্ম সেরে বাড়ি ফিরছিলেন ৬৫ বছরের চন্দ্রবান বিবি। ঠিক তখনই পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী বাইক সজোরে ধাক্কা দেয় তাকে।
বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখেন, রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন চন্দ্রবান বিবি। তড়িঘড়ি স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিয়ে যায় মেলাঘর হাসপাতালে। কিন্তু তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা কালবিলম্ব না করে তাঁকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, দুর্ঘটনার পরপরই ঘাতক বাইক আরোহী নিজের বাইক নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। ঘটনার খবর পেয়েই মেলাঘর থানার পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের চরম অভিযোগ, প্রতিদিন কিছু উৎশৃঙ্খল গাড়ি ও বাইক চালক নেশা দ্রব্য নিয়ে উন্মাদ হয়ে বেপরোয়া ভাবে যাতায়াত করে। যার কারণে মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে। পুলিশ প্রশাসনের নজরদারিতে চরম অভাব রয়েছে বলে মনে করছে এলাকাবাসী।

