স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ জুলাই : বেপরোয়া গতিতে স্কুটি চালানোর জেরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি স্কুটি। দুর্ঘটনাগ্রস্ত স্কুটির নম্বর TR 05 G 4586। এই ঘটনায় স্কুটিতে থাকা দুই নাবালক গুরুতরভাবে আহত হয়েছে। আহতদের নাম অংশুমান সিং (১৬) এবং অনুভব গুহ (১৬)। ঘটনাটি ঘটে, রবিবার বিকাল নাগাদ তেলিয়ামুড়া-খাসিয়া মঙ্গল সড়কের লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন। খবর পেয়ে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত দুই নাবালককে উদ্ধার করে চিকিৎসার জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। এই ঘটনাকে ঘিরে ফের সামনে এসেছে নাবালকদের হাতে মোটরযানের চাবি তুলে দেওয়ার বিষয়টি। বর্তমানে একাংশ অভিভাবক সচেতনতার অভাবে নাবালক সন্তানদের হাতে স্কুটি বা অন্যান্য যানবাহনের দায়িত্ব তুলে দিচ্ছেন, যার ফলে সড়ক দুর্ঘটনার ঝুঁকি ক্রমশ বেড়ে চলেছে। উল্লেখ্য, নাবালক অবস্থায় ড্রাইভিং করলে ২৫ হাজার টাকা জরিমানা সহ লাইসেন্স নির্দিষ্ট সময়ের জন্য রদ করে দেওয়ার জন্য আইন রয়েছে।

