স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা। ৭ আগস্ট
: সম্প্রতি আগরতলা
শহর পরিদর্শন করে নেশার সাম্রাজ্যের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন। সকলকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন। কারণ নেশার বিরুদ্ধে জনগণ সক্রিয় হলে তাদের পাশে আছে সরকার। মুখ্যমন্ত্রীর এই বার্তার পর
নড়েচড়ে বসলো পুলিশ প্রশাসন। শুক্রবার অ্যাকশন মোডে নামে পূর্ব আগরতলা থানার পুলিশ। বিশেষ নেশা বিরোধী অভিযান করা হয় পূর্ব আগরতলা থানাধীন বিভিন্ন এলাকায়। পূর্ব আগরতলা থানার পুলিশ, মহারাজগঞ্জ ফাড়ির পুলিশ, কলেজ টিলা ফাঁড়ির পুলিশ অভিযানে নেমে বিভিন্ন এলাকা থেকে ড্রাগস ও সিরিঞ্জ সহ
২৩ জনকে আটক করতে সক্ষম হয়।
তাদের আটক করে থানায় নিয়ে আসে। থানার ওসি জানান, নেশার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে উদ্যোগ নেওয়া হবে। তাদের মধ্যে কাউকে নেশা সামগ্রী বিক্রি করার সময় এবং আবার কাউকে সেবন করার সময় আটক করা হয়েছে। আজকে এই বিশেষ অভিযানে
মোট ২৩ জন আটক
হয়েছে। নেশার বিরুদ্ধে আগামী দিন এই বিশেষ অভিযান
আরও বেশি জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি। তবে যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে অনেকের শারীরিক এবং মানসিক অবস্থা অনেকটাই বিপর্যস্ত। সেটা নিয়ে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ
করে সেটা এখন দেখার বিষয়। বিশেষ করে তাদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার প্রয়োজন হতে পারে বলে ধারণা করছে অভিজ্ঞ মহল। তবে তারা শহরের মধ্যে অলিগলি এবং বিভিন্ন মোড়ে ঘুরে দীর্ঘদিন ধরে নেশা সামগ্রী বিক্রি এবং সেবন করে আসছিল। পরিবারের লোকজনদের চরম উদাসীনতা রয়েছে বলে মনে করছে অভিজ্ঞ মহল।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান