স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ জুলাই : দীর্ঘদিন ধরে স্কুলের গেট নির্ধারিত সময়ে না খোলার অভিযোগ করে শুক্রবার সকালে ধর্মনগরের দীননাথ নারায়ণী বিদ্যামন্দির বিদ্যালয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ক্ষুব্ধ ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা পথ অবরোধে সামিল হয়ে দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান।অভিভাবকদের অভিযোগ, স্কুলের গেট সময়মতো না খোলার কারণে প্রতিদিনই ছাত্র-ছাত্রীদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। বিষয়টি নিয়ে একাধিকবার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বকুল রানী মালাকারের সঙ্গে আলোচনা করা হলেও এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধান হয়নি।
শুক্রবার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠে। অভিযোগ, স্কুলের গেট বন্ধ থাকায় পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় অংশ নিতে পারে নি। পাশাপাশি, স্কুলে তিনজন শিক্ষকের মধ্যে মাত্র একজন উপস্থিত থাকায় পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি। এতে পড়ুয়াদের ক্ষতির দায়ভার কে নেবে? সেই প্রশ্ন তুলেন ক্ষুব্ধ অভিভাবকরা।ৎএছাড়াও অভিযোগ উঠেছে, গেট বন্ধ থাকায় শিক্ষক-শিক্ষিকারাও দীর্ঘ সময় বিদ্যালয়ের বাইরে অপেক্ষা করতে বাধ্য হন। বিদ্যালয়ের ক্লার্ক বীনা বাসপারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার এবং বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগও তোলেন অভিভাবকদের একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বকুল রানী মালাকার এবং বিদ্যালয়ের ইনচার্জ হেমচন্দ্র চাকমা। তাঁরা অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। পরবর্তীতে বিদ্যালয়ে পরিচালন কমিটির আশ্বাসের পর ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা পথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন। তবে দ্রুত স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আবারো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবকরা।

