স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ জুলাই : ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের সাধারন পরিষদের সভা অনুষ্ঠিত হয় শনিবার। সিপিআই রাজ্য দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের অন্যতম নেতৃত্ব ধনমনি সিং। সভা শেষে তিনি সাংবাদিক সম্মেলন করে জানান আদালতের নির্দেশে ত্রিপুরা চটকল শ্রমিক কর্মচারীদের যে বকেয়া বর্তমানে সেই বকেয়া প্রদান করা হচ্ছে।
এখনো পর্যন্ত প্রায় ৯ শতাধিক লোককে তাদের বকেয়া প্রদান করা হয়েছে। এই বকেয়া প্রদানের ক্ষেত্রে কিছু ত্রুটি সামনে এসেছে। সেই ত্রুটি গুলি নিয়ে এইদিন আলোচনা করা হয়েছে। দেখা গেছে কোন ব্যক্তিকে কোন কিছু না জানিয়ে একাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এই টাকা কিসের টাকা তা যেমন উল্লেখ করা হয় না, তেমনি যার একাউন্টে টাকা দেওয়া হয়েছে তাকেও জানানো হয় নি। এখনো পর্যন্ত কতজনকে বকেয়া টাকা দেওয়া হয়েছে তার কোন তালিকা প্রকাশ করা হচ্ছে না। যদিও তাদের পক্ষ থেকে শিল্প দপ্তরে ১ হাজার ৬৩৭ জনের নামের তালিকা জমা দেওয়া হয়েছে। তাই এই নিয়ে জুটমিল কর্তৃপক্ষের সাথে কথা বলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এইদিন।

