স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ জুলাই : মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে বিজেপি-র বুথ সভাপতি দাপটে ক্ষতিগ্রস্ত বহু চাষি। প্রশাসনের দৃষ্টিতে আনার পরেও নিরব দর্শক বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত চাষীদের। এই অভিযোগ চাকমাঘাট জারুইলং বাড়ি এলাকায়। স্থানীয় কৃষকদের অভিযোগ, বিজেপি নেতা সুজিত দাস তার দুই ভাইয়ের সঙ্গে একটি দখলকৃত জমিতে পুকুর খনন করেছেন। সেই পুকুরের চারপাশে প্রায় ১৫ থেকে ২০ জন কৃষক পরিবারের কৃষিজমি থাকলেও জল নিষ্কাশনের ব্যাবস্থা না রাখায় বিস্তীর্ণ কৃষিজমি আজ কার্যত জলমগ্ন হয়ে পড়েছে।
কৃষকদের দাবি, বাইরে থেকে দেখলে জমিগুলো’কে জলাশয় মনে হলেও বাস্তবে এগুলো চাষযোগ্য কৃষিজমি। জলাবদ্ধতার কারণে ধান সহ বিভিন্ন ফসল মাঠেই নষ্ট হচ্ছে। বহু কৃষক উৎপাদিত ফসল ঘরে তুলতে পারছেন না। বছরের পর বছর ধরে চাষাবাদ করে সংসার চালানো পরিবার গুলো আজ চরম আর্থিক অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছে। স্থানীয়দের আরও অভিযোগ, এলাকার সুজিত, উত্তম ও দিলীপ দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের উপর প্রভাব খাটিয়ে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে প্রায় ১৫ থেকে ২০ জন কৃষক একযোগে মহকুমা শাসক, স্থানীয় পঞ্চায়েত এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন। কিন্তু অভিযোগের পরও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে তাদের দাবি। এতে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন এলাকাবাসী।

