বাড়িরাজ্যপানীয় জলের দাবিতে পথ অবরোধ, ক্ষোভ এলাকাবাসীর

পানীয় জলের দাবিতে পথ অবরোধ, ক্ষোভ এলাকাবাসীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ জুলাই : সোনামুড়া নগর পঞ্চায়েতের ১২ নং ওয়ার্ড এলাকায় পানীয় জলের সমস্যার প্রতিবাদে স্থানীয়রা এন.সি.নগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন সোনামুড়া–বক্সনগর সড়ক অবরোধ করে প্রতিবাদের শামিল হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যানের ওয়ার্ড হওয়া সত্ত্বেও এলাকায় উন্নয়নের কোনো বাস্তব চিত্র নেই। দীর্ঘদিন ধরে রাস্তা ও পানীয় জলের সমস্যা ভুগছে।

ছেলেমেয়েরা বিদ্যালয়ে যাতায়াত করতে পারছে না। রোগী নিয়ে হাসপাতালে যাওয়া যায় না। এমনকি সাধারণভাবে রাস্তা দিয়ে চলাচলের কোন অবস্থা নেই। যা নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বাধ্য হয়েই তারা আন্দোলনের পথে নেমেছেন বলে দাবি করেন। এলাকাবাসীর আরও অভিযোগ, সড়ক অবরোধের পর ভাইস চেয়ারম্যানের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি এসে অবরোধের নিয়ম-কানুনের কথা বলে তাদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার চেষ্টা করেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবশেষে দেড় থেকে দুই ঘন্টা পর ভাইস চেয়ারম্যানের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।‌

ভাইস চেয়ারম্যান আশ্বস্ত করেছেন, আগামী দুজনের মধ্যে তাদের দাবি দেওয়া অনুযায়ী আপাতত চলাচলের জন্য রাস্তা সংস্কার করে দেওয়া হবে। তবে এ রাস্তাটি সংস্কার করতে টেন্ডার হয়ে গেছে। খুব দ্রুত পূর্ত দপ্তর রাস্তা সংস্কারের কাজে হাত লাগাবে। একই সঙ্গে পানীয় জলের সমস্যা সমাধান করতে উদ্যোগ নেবেন বলে আশ্বস্ত করেন। এই আশ্বাসে এলাকাবাসী অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। উল্লেখ্য এই রাস্তার কাজটি প্রথমবার এক কোটি টাকায় টেন্ডার হয়েছিল, কিন্তু পরবর্তী সময় পুনরায় প্রায় ২ কোটি টাকায় টেন্ডার হয়েছে। বিশ্বস্ত সূত্রে খবর, স্থানীয় রাষ্ট্রবাদীদের চাহিদা অনুযায়ী ভাগ বাটোয়ারা করা যাবে না বলে দ্বিতীয়বার টেন্ডার করা হয়েছে। কোটি কোটি টাকা এভাবেই গিলে খাচ্ছে তথাকথিত রাষ্ট্রবাদীরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য