স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ জুন : পেট্রল, ডিজ়েল ও বাণিজ্যিক গ্যাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গৃহস্থালির রান্নার গ্যাসেরও। গত তিন মাসের মধ্যেই এই নিয়ে দ্বিতীয় বার দাম বৃদ্ধি হল। শনিবার মাঝ রাতে এক ধাক্কায় সিলিল্ডার পিছু ২৯ টাকা করে দাম বাড়ল। রবিবার থেকে আগরতলায় সিলিন্ডার পিছু দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ১ হাজার ৭৩ টাকা ৫০ পয়সা।
এই দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের পকেটেও টান পড়ছে। উদ্বেগে সাধারণ মানুষ। ঘনঘন বাণিজ্যিক গ্যাস, রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি পাচ্ছে। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে গত ৭ মার্চ বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম ৬০টাকা বেড়েছিল। এবার বাড়ল আরও ২৯ টাকা। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, এটাই শেষ নয়। পেট্রল-ডিজেলের মতো দফায় দফায় আরও বাড়তে পারে রান্নার গ্যাসের দাম।

