বাড়িরাজ্যফের বিক্ষোভে সামিল হন তিপরা মথা

ফের বিক্ষোভে সামিল হন তিপরা মথা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ জুন : অমরপুর মহকুমার অন্তর্গত ভোমরাছড়া এডিসি ভিলেজে পঞ্চায়েত কার্যালয় টানা দুই দিন বন্ধ থাকার অভিযোগকে কেন্দ্র করে বুধবার ফের বিক্ষোভে সামিল হন তিপরা মথা দলের কর্মী-সমর্থকরা। সকাল থেকেই দলীয় কর্মীরা পঞ্চায়েত কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন এবং পরবর্তী সময় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। বিক্ষোভকারীদের অভিযোগ, পঞ্চায়েত অফিস দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় সাধারণ মানুষ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বিশেষ করে আর ও আর, জমির নামজারি, ট্রান্সফার সংক্রান্ত নথিপত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবা গ্রহণে স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বহু মানুষ দূর-দূরান্ত থেকে অফিসে এসে ফিরে যেতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ ওঠে। তিপ্রা মথা নেতৃত্বের দাবি, বারবার বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষের স্বার্থে তারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন। বিক্ষোভকারীরা অবিলম্বে পঞ্চায়েত কার্যালয় নিয়মিত চালু রাখা এবং জনগণের প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করার দাবি জানান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে। এখন প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন ভোমরাছড়া এলাকার বাসিন্দারা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য