স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ মে : দলীয় কার্যকর্তাদের উপস্থিতিতে প্রদেশ বিজেপি-র বিদায়ী সভাপতি রাজিব ভট্টাচার্য দায়িত্ব হস্তান্তর করলেন নবনির্বাচিত সভাপতি অভিষেক দেবরায়ের কাছে। শুক্রবার প্রদেশ বিজেপির নবনির্বাচিত সভাপতি অভিষেক দেবরায় প্রদেশ বিজেপি কার্যালয়ের কোশভাউ ভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এদিন তাঁকে সভাপতির আসনে বসিয়ে দায়িত্বভার তুলে দেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং বিদায়ী প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। দলীয় কার্যালয়ে এদিন উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।
উপস্থিত ছিলেন মন্ত্রী, বিধায়ক, বিভিন্ন মণ্ডলের নেতৃত্ব ও অসংখ্য বিজেপি কর্মী-সমর্থক। নবনিযুক্ত সভাপতিকে ফুলের তোড়া ও মালা দিয়ে বরণ করে নেন দলীয় নেতৃত্ব। দায়িত্বভার গ্রহণের পর বক্তব্য রাখতে গিয়ে অভিষেক দেবরায় বলেন, দলকে আরও শক্তিশালী ও সংগঠিত করাই তাঁর প্রধান লক্ষ্য। বুথ স্তর থেকে সংগঠনকে আরও মজবুত করার পাশাপাশি যুব কর্মীদের বেশি গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার দিক নির্দেশনায় ত্রিপুরায় বিজেপিকে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে কাজ করবে সংগঠন। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, বিদায়ী সভাপতি রাজীব ভট্টাচার্য যেভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে গিয়েছেন, সেই ধারাবাহিকতা বজায় রেখেই নতুন সভাপতি দলকে আরও শক্তিশালী করবেন। একই সঙ্গে তিনি অভিষেক দেবরায়ের সাংগঠনিক দক্ষতার প্রশংসা করেন। বিদায়ী সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, বুথ সভাপতি থেকে ধাপে ধাপে উঠে এসে আজ প্রদেশ সভাপতির দায়িত্ব পাওয়া বিজেপির সাংগঠনিক সংস্কৃতিরই প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, নতুন সভাপতির নেতৃত্বে দল আগামী দিনে আরও শক্তিশালী হবে। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল দেশ লক্ষণীয়।

