স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ মে : প্রকাশ্য দিবালোকে স্কুটি করে ড্রাসের কৌটা বিক্রি করতে এসে জনতার হাতে আটক এক নেশা কারবারি এয়ারপোর্ট থানাধীন বৃন্দাবন চৌমুণী এলাকায়। জানা যায় TR 01 AF 5418 নম্বরের স্কুটি দিয়ে এয়ারপোর্ট থানাধীন ছনমুড়ি এলাকার এক যুবক নেশা সামগ্রী বিক্রি করে, হোম ডেলিভারি দিয়ে থাকেন। আগে থেকেই জানতেন বৃন্দাবন চৌমুনী এলাকার যুবকরা।
রবিবার তাকে এই এলাকাতে দেখতেই সন্দেহ হয় স্থানীয়দের। তাকে আটক করে দোকানের বারান্দায় খুঁটির সঙ্গে বেঁধে রাখে স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ আসলে তাকে এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয়দের দাবি এই এলাকার বহু উঠতি বয়সী যুবক এই ড্রাগসের নেশায় আসক্ত। তাদের জীবন ধ্বংসের মূল কারিগর এই নেশা কারবারি। তাই স্থানীয়রা দাবি জানান এই নেশা কারবারির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক।

