স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ মে : রবিবার আগরতলা স্টুডেন্টস হেলথ হোমে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের নবনির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গুরুত্বপূর্ণ এক্সিকিউটিভ মিটিং অনুষ্ঠিত হয়। এই মিটিং-এ উপস্থিত ছিলেন সর্বভারতীয় যুব কংগ্রেসের ইনচার্জ মণীশ শর্মা, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রদেশ যুব কংগ্রেসের ইনচার্জ জিসান আহমেদ সহ অন্যান্য নেতৃত্ব।
এইদিনের মিটিং-এ আলোচনা করতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন দেশের অবস্থা ভালো না। অর্থনীতির দিক থেকে বিপর্যস্ত, বিদেশ নীতি সম্পূর্ণ ব্যর্থ। বর্তমানে একের পর এক সত্য সামনে আসছে। মানুষ উপলব্ধি করতে পারছে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করে কি ভুল করেছে। আমেরিকার প্রেসিডেন্ট যা বলছে, তাই শুনছে নরেন্দ্র মোদী। বিধায়ক সুদীপ রায় বর্মন আরো বলেন, বিজেপি সরকার দেশের কথা এবং দেশবাসীর কথা বলে না।
তাই এই বিজেপি সরকারের বিষয়ে মানুষকে বোঝাতে হবে। এর আগে সংগঠন শক্তিশালী করতে যুবকদের ঐক্যবদ্ধ করতে হবে বলে জানান তিনি। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে বিস্ফোরক বক্তব্য করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি বলেন বর্তমানে এই সরকারের আমলে মেধা বিক্রি হয়ে যাচ্ছে। শুধুমাত্র অর্থ ছাড়া তারা কিছুই জানে না। তাই এই দেশকে রক্ষা করতে এগিয়ে আসতে হবে যুবসমাজকে। এদিনের কর্মসূচিতে যুব কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

