বাড়িরাজ্যবাঁধ সংস্কারে অনিয়মের জন্য কাজ বন্ধ করে দিল গ্রামবাসী

বাঁধ সংস্কারে অনিয়মের জন্য কাজ বন্ধ করে দিল গ্রামবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ এপ্রিল :  বাঁধ সংস্কারে গাফিলতির অভিযোগে নির্মাণ কাজ বন্ধ করে দিল ক্ষুব্ধ গ্রামবাসী। এই ঘটনায় কৈলাসহর গোলধারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্য। গ্রামবাসী জানায়, প্রশাসনের পক্ষ থেকে বিগত এক বছর ধরে গোটা কৈলাসহর মহকুমার অন্যান্য অঞ্চলের সাথে গোলধারপুর গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ড এলাকাতেও লক্ষী ছড়ার বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছিলো। দপ্তরের গাইড লাইন অনুযায়ী, পুরনো বাঁধ যে উচ্চতায় ছিলো সেই উচ্চতা বাড়ানো হবে এবং বাঁধের প্রশস্তও বাড়ানো হবে।

 কিন্তু, কাজের শুরুতে বাঁধের উচ্চতা এবং প্রশস্ত কিছুটা বাড়ানো হলেও বর্তমানে বাঁধের উচ্চতা এবং প্রশস্ত পুরনো বাঁধের মতোই রেখে দেওয়া হচ্ছে বলে গ্রামবাসীরা দাবি করেন। তাছাড়া বাঁধের উপরে এবং বাঁধের দুপাশে যতটুকু মাটি ফেলার কথা ছিলো ততোটুকু মাটি দেওয়া হচ্ছে না বলেও জানান। বাঁধের উপরের অংশের মধ্যবর্তী জায়গাকে নীচু করে রেখে দেওয়ায় বৃষ্টির জল বাঁধের উপরে আটকে থাকার ফলে বাঁধের দুপাশে বড় বড় ফাটল ধরেছে। তাছাড়া, বর্তমানে বাঁধ যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় বাঁধের উপর দিয়ে একটি গাড়ি যাতায়াত করার সময় উল্টো দিক থেকে আরেকটি গাড়ি আসতে পারেনা। অথচ, পুরনো বাঁধের উপর দিয়ে দুটো গাড়ি আসা যাওয়া করতে পারতো।

 গ্রামবাসীরা আরও গুরুতর অভিযোগ করেন যে, পুরনো বাঁধের উপরে ইট সলিং রাস্তা ছিলো। বাঁধের সংস্কারের কাজ শুরুর পূর্বে বাঁধের উপরের ইট গুলো তোলে নেওয়া হয়েছিলো। কিন্তু বর্তমানে বাঁধের উপর ইট বসানো হচ্ছে না। গ্রামবাসী আরো জানান যে, পুরনো বাঁধের উপর ইট সলিং রাস্তাটি সরকারি ভাবে করা হয়নি। সেই ইট সলিং রাস্তাটি গোলধারপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করা হয়েছিলো। কিন্তু বাঁধের সংস্কারের কাজ শুরুর পূর্বে দপ্তরের পক্ষ থেকে ইট গুলো তোলে অন্যত্র বিক্রি করে। এই নিম্নমানের কাজের বিষয়ে বন্যা দপ্তরের আধিকারিককে গ্রামবাসীরা কয়েকবার লিখিত ভাবে এবং মৌখিক ভাবে জানানো হলেও দপ্তর উদাসীন। তাই, গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার দুপুর থেকে বাঁধের কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। এখন দেখার বিষয় এই অনিয়মের অভিযোগের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য