স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ এপ্রিল : নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এডিসি এলাকায় ভয়াবহ সন্ত্রাস চলতে শুরু করে। ঘরবাড়ি ভাঙচুর লুটপাট সহ বিভিন্ন জায়গায় বোমা নিক্ষেপ করার অভিযোগ ওঠে তিপরা বিজয় উৎসব ধারী কর্মী সমর্থকদের বিরুদ্ধে। রামচন্দ্রঘাট, কৃষ্ণপুর, আশারামবাড়ি, আমপুরা, ফাল্গুনাবাড়ি, ছনখলা, মারেহাদু, বাইজালবাড়ি, রতনপুর সহ বিভিন্ন এলাকায় ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের বাড়িঘরে ব্যাপক হারে ভাংচুর চালানো হয়। কোথাও কোথাও অগ্নিসংযোগের চেষ্টা করা হয় বলে অভিযোগ।
ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকেরা শেষ পর্যন্ত আতঙ্কগ্রস্থ হয়ে শিবিরে আশ্রয় নেয়। শনিবার এই সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা গুলো পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী টিংকু রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী। কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকদের সঙ্গে। ভারতীয় জনতা পার্টির আতঙ্কিত কার্যকর্তাদের আশ্রয়স্থলেও যান মন্ত্রী। তিনি তাদের পাশে থাকার বিষয়ে আশ্বস্ত করেন। মন্ত্রী বলেন সেখানকার বিধায়কদের সঙ্গে কথা হয়েছে। খুব শীঘ্রই সকলে নিজেদের ঘরবাড়িতে ফিরে যাবে। কথা হয়েছে পুলিশ প্রশাসনের সঙ্গেও। পাহাড়ে পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হয় এটাই এখন আলোচনার শিরোনামে রয়েছে। বলা যেতে পারে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে এডিসি এলাকা মাথার আতঙ্কে হাবুডুবু খাচ্ছে।

