স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ এপ্রিল : ফটিকরায়ের গোকুলনগরে রবার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ভস্মীভূত বিপুল পরিমাণ রবার। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার ফটিকরায়ের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা বিপুল মালাকারের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। অগ্নিকাণ্ডের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ির রাবারের গুদামের। প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়িতে থাকা রবার গুদামে আগুন দেখতে পায় তারা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং গুদামে থাকা ৪ কুইন্টালেরও বেশি রবার পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগালেও শেষ রক্ষা হয়নি। খবর দেওয়া কুমারঘাট এবং কাঞ্চনবাড়ি দমকল কর্মীদের। কিন্তু তারা আসার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় গ্রাম প্রধান বিনারাণী দাস। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং সান্ত্বনা দেন। জানা গেছে, বিপুল মালাকারের পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। এই অগ্নিকাণ্ডে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। পরিবারের লোকজন সরকারি সাহায্যের দাবি জানান। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

