স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ এপ্রিল: চাকরি প্রত্যাশীদের মর্জিমাফিক দাবি মানল না টিপিএসসি। আর.ডি দপ্তরের অধিন জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের ক্ষেত্রে মেইন পরীক্ষার পিছিয়ে দেওয়ার দাবিতে টি.পি.এস.সি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল চাকুরি প্রত্যাশীরা। শুক্রবার চাকুরি প্রত্যাশীরা টি.পি.এস.সি-র চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে চেয়ারম্যানের নিকট ডেপুটেশান প্রদান করে।
চাকুরি প্রত্যাশীরা জানায় তাদের প্রাথমিক পরীক্ষার পর মেইন পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়। প্রাথমিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিন থেকে তারা মেইন পরীক্ষার জন্য মাত্র ৪২ দিন সময় পাবে। এই সময়ের মধ্যে তাদের পক্ষে ভালো ভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। তাই তারা এইদিন টি.পি.এস.সি-র চেয়ারম্যানের নিকট পরীক্ষার দিনক্ষণ কিছুদিন পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। যাতে করে তারা মেইন পরীক্ষার প্রস্তুতির জন্য অন্তত পক্ষে তিন মাস সময় পায়। কিন্তু টি.পি.এস.সি-র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার দিনক্ষণ পিছিয়ে দেওয়া সম্ভব নয়।

