স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ মার্চ : অবৈধ ব্যবসার অভিযোগকে কেন্দ্র করে তেলিয়ামুড়া থানাধীন শুদ্ধছড়া এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয় রবিবার রাতে! জানা যায়, এলাকায় চলতে থাকা এক অবৈধ ব্যবসার খবর পেয়ে গ্রামবাসীরা বাধা প্রদান করেন। কিন্তু সেই বাধাকে উপেক্ষা করে অভিজিৎ দাস নামের এক ব্যক্তি রণংদেহী রূপ ধারণ করে পাশের বাড়ির এক ব্যক্তির উপর দা দিয়ে আক্রমণ চালায়।
এই ঘটনায় গুরুতর ভাবে আহত হন দিপাল দাস। ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয়। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে প্রশাসনের কড়া পদক্ষেপ নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

