Sunday, August 9, 2026
বাড়ি রাজ্য মধুপুরের জঙ্গলে ব্যাগবন্দি সদ্যোজাতের মৃতদেহ উদ্ধার

মধুপুরের জঙ্গলে ব্যাগবন্দি সদ্যোজাতের মৃতদেহ উদ্ধার

মধুপুরের জঙ্গলে ব্যাগবন্দি সদ্যোজাতের মৃতদেহ উদ্ধার

বিশালগড় (ত্রিপুরা), ২৯ মার্চ (হি.স.) : সিপাহীজলা জেলার কমলাসাগর বিধানসভা এলাকার কেনানিয়া বাজার সংলগ্ন জঙ্গলে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। শনিবার রাতে স্থানীয় বাসিন্দারা জঙ্গলের মধ্যে একটি ব্যাগ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হলে কাছে গিয়ে দেখেন, তার ভেতরে একটি সদ্যোজাত শিশুর মৃতদেহ রয়েছে। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়।

খবর পেয়ে মধুপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটিকে একটি ব্যাগে ভরে জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলা হয়েছিল। পরে সেটি গাছের ডালপালায় আটকে ঝুলন্ত অবস্থায় ছিল।

পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মধুপুর হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনায় কে বা কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের একাংশের অনুমান, অবৈধ সম্পর্কের জেরে জন্ম নেওয়া শিশুকে এভাবে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। যদিও পুলিশ এই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি।

পুলিশ সূত্রে খবর, আশপাশের এলাকায় খোঁজখবর নেওয়া হচ্ছে এবং সম্প্রতি কোনও মহিলা গোপনে সন্তান প্রসব করেছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।

এই হৃদয়বিদারক ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সমাজে মানবিকতার অবক্ষয় নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ জানিয়েছে, দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha