Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পানীয় জলের সংকটে সড়ক অবরোধ

মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পানীয় জলের সংকটে সড়ক অবরোধ

মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পানীয় জলের সংকটে সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ মার্চ : ১২ এপ্রিল এডিসি নির্বাচন। তার আগেই পানীয় জলের তীব্র সংকটে ক্ষোভ আছড়ে পড়ল রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মার এলাকার মানুষ। মঙ্গলবার সকালে খোয়াই মহকুমার তুলাশিখর ব্লকের চাম্পাহাওর এলাকায় দীর্ঘ চার ঘণ্টা সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরে বিডিও-র আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। শুখা মরশুমের শুরুতেই চাম্পাহাওর এলাকায় পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে।

 দিনের পর দিন এই সমস্যা চললেও প্রশাসনের তরফে কোনো স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী আজ সকালে চাম্পাহাওর চৌমুহনী বাজার সংলগ্ন এলাকায় রাস্তা আটকে বিক্ষোভে শামিল হন। বনমন্ত্রী অনিমেষ দেববর্মার খাস এলাকায় এই অবরোধকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অবরোধের জেরে খোয়াই-চাম্পাহাওর সড়কের দু’পাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণ পর তুলাশিখর ব্লকের বিডিও ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত পানীয় জলের ব্যবস্থা করার আশ্বাস দেন। বিডিও-র আশ্বাসের ওপর ভিত্তি করে প্রায় চার ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha