Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য আসন্ন টিটিএএডিসি নির্বাচন ১৩ই এপ্রিল, গণনা ১৭ এপ্রিল

আসন্ন টিটিএএডিসি নির্বাচন ১৩ই এপ্রিল, গণনা ১৭ এপ্রিল

আসন্ন টিটিএএডিসি নির্বাচন ১৩ই এপ্রিল, গণনা ১৭ এপ্রিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ মার্চ : টিটিএএডিসি-র নির্বাচনী এলাকাগুলোর মধ্যে ২৫ টি আসন তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত এবং ৩ টি আসন অসংরক্ষিত। জেলা পরিষদ নির্বাচনী এলাকার জন্য মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১২৫৭ টি। মোট ভোটার ৯ লক্ষ ৬২ হাজার ৬৯৭ জন। আসন্ন টিটিএএডিসি নির্বাচন অনুষ্ঠিত হবে ১৩ই এপ্রিল।

গণনা ১৭ এপ্রিল সকাল আটটা থেকে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা দেন রাজ্য নির্বাচন কমিশনার মনোজ কুমার। তিনি বলেন, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৫ মার্চ। মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হবে ২৬ মার্চ। মনোনয়ন পত্র প্রত্যাহার করার জন্য শেষ দিন ২৮ মার্চ। ১৩ এপ্রিল সকাল সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হবে। জেলা পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। ১৮ এপ্রিলের মধ্যে পুরোপুরি নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তিনি আরো বলেন, সমস্ত রাজনৈতিক দলের কাছে আহ্বান জানানো হচ্ছে তারা যেন শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করে। নাগরিকরা যেন সুষ্ঠুভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে।

তিনি আরো বলেন, ৩১০ জন কর্মকর্তাকে সেক্টর ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশ বিভাগ কর্তৃক পুলিশ সেক্টর অফিসার নিয়োগ করা হবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনা নিশ্চিত করার জন্য জেলা পরিষদের নির্বাচন কমিশনার জেলা নির্বাচন কর্মকর্তা, জেলার পুলিশ সুপার এবং রিটার্নিং অফিসারদের সাথে বৈঠক করেছেন।আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর বলেন ভোটের নির্ঘণ্ট ঘোষণার সাথে সাথে আইন-শৃঙ্খলা যেন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা কর্মীর ব্যবস্থা করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করতে এবং ভোটার ও প্রার্থীদের মধ্যে আস্থা জাগিয়ে তুলতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা এবং আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা গুরুত্বপূর্ণ।

 জেলা পরিষদ নির্বাচন কমিশনার পুলিশ প্রশাসনের সাথে বৈঠক করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষা ও নির্বাচন চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেছেন। জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনের সকল গুরুত্বপূর্ণ ঘটনার, বিশেষ করে ইলেকট্রনিক ভোটিং মেশিনের প্রথম স্তরের যাচাইয়ের সময় ভিডিওগ্রাফ করা হবে। রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে অনধিক পাঁচ জন থাকতে পারবেন। কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য দুইটি হালকা যানবাহন ব্যবহার করতে পারবেন। সরকারি ছুটির দিন ছাড়া সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার কর্তৃক নির্দিষ্টকৃত রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসাররা সকাল ১১ টা থেকে বিকাল ৩ টার মধ্যে মনোনয়ন পত্র গ্রহণ করবেন। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা শুভাশিস দাস, ত্রিপুরা নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha