স্যন্দন ডিজিটাল ডেস্ক,আগরতলা ১০ মার্চ : সময়মতো ব্রেইল পাঠ্যপুস্তকের ব্যবস্থা করা, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষকদের জন্য বার্ষিক প্রশিক্ষণের ব্যবস্থা করা, ডি এ আই এস ওয়াই অডিওতে টেক্সট এবং অ্যাক্সেসিবল ডিজিটাল ফর্ম্যাট সহ পাঠ্যপুস্তক প্রকাশ করা সহ একাধিক দাবিতে মঙ্গলবার জেলা শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে ডেপুটেশন প্রদান করে অল ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশন। ডেপুটেশনের পর প্রতিনিধি দল জানান, ২০১৬ সালের আইন অনুযায়ী দৃষ্টিহীনদের বই দেওয়া, প্রশ্নপত্র দেওয়া সহ একাধিক নিয়ম রয়েছে। সেই নিয়মগুলি যেন সঠিকভাবে পালন করে সংশ্লিষ্ট দপ্তর তার জন্য মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে তারা দাবি জানান।
তারা আরো বলেন অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলো মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে একাধিকবার তারা সাক্ষাৎ করার জন্য চেয়েছেন। কিন্তু সুযোগ পাননি দেখা করার। তিনি সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে আরো অভিমত ব্যক্ত করে বলেন বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা সমাজকে এবং দেশকে অনেক কিছুই দিতে পারে। তাই বিশেষভাবে অক্ষম ব্যক্তি এবং দৃষ্টিহীনদের যদি বিশেষভাবে সুযোগ দেওয়া হয় তাহলে তারা আরো অনেক দূর এগিয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যেন তাদের দেখা করার সময় দেন এবং মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করেন তার জন্য আহ্বান জানান। একই সঙ্গে উদ্বেগ প্রকাশ করে বলেন রাজ্যে দৃষ্টিহীনদের প্রায় সাড়ে তিন শতাধিক শূন্য পদ রয়েছে। এগুলি নিয়েও তারা কথা বলছে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের সঙ্গে।

