স্যন্দন ডিজিটাল ডেস্ক,আগরতলা ১০ মার্চ : ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই উপ নির্বাচনের বামফ্রন্ট প্রার্থীর নাম ঘোষণা করে রাজনৈতিক মহলে চমক সৃষ্টি দিয়েছে। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের জন্য বামেদের প্রার্থী হিসেবে অমিতাভ দত্তের নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থী ঘোষণার পর অমিতাভ দত্তকে কেন্দ্র করে ধর্মনগর শহরে একটি সুবিশাল মিছিলের আয়োজন করা হয়। বহু কর্মী-সমর্থক মিছিলে অংশ নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন।
মিছিলের অগ্রভাগে দলীয় ফ্লাক্সে লেখা ছিল অহংকার, হুংকার, ধ্বংসের রাজনীতির বিরুদ্ধে, নাগরিক নিরাপত্তা, জীবন জীবিকা ও খাবারের সংগ্রাম শক্তিশালী করতে মনোনীত প্রার্থী অমিতাভ দত্তকে যেন ধর্মনগর বাসী ভোট দিয়ে জয়যুক্ত করেন। এদিন বামেদের মিছিল ছিল পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থাপনা। কারণ গত কয়েক মাস আগে অমিতাভ দত্ত সহ বামেদের একাধিক নেতৃত্ব আক্রান্ত হয়েছিল। দলীয় কর্মসূচিতে বের হয়ে আক্রান্ত হওয়ার ঘটনার পর এখন প্রশাসন পুরোপুরি অ্যাকশন মোডে রয়েছে। যারা নিরাপত্তা লঙ্ঘন করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থাপনা।

