স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ মার্চ: বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে থাকা একটি রেস্টুরেন্ট ভেঙ্গে চুরমার করে দিল। ঘটনা উদয়পুর শহরের রমেশ চৌমুহনি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার ভোরে রাবার বোঝাই TR 03 E 1765 নম্বরের একটি বোলেরো গাড়ি জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অবস্থিত দাদা বৌদির রেস্টুরেন্টে ধাক্কা দেয়। ধাক্কার ফলে রেস্টুরেন্টটির সামনের অংশ ভেঙে যায়।
দোকানের ভিতরে থাকা টেবিল, চেয়ার, কাঁচের সামগ্রী সহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনার সময় এলাকায় তেমন লোকজন না থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে মনে করছে সকলে। তবে বিকট শব্দে আশপাশের মানুষ ছুটে এসে ঘটনাস্থলে ভিড় জমায়। ঘটনার খবর পেয়ে আর কে পুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুর্ঘটনাগ্রস্ত বোলেরো গাড়িটিকে আটক করে আর কে পুর থানায় নিয়ে যায় পুলিশ।
সোমবার সকালে দোকানের মালিক তাপস সাহা দোকানে এসে দেখেন তার রেস্টুরেন্টের ভিতরে থাকা প্রায় সমস্ত জিনিসপত্র ভেঙে তছনছ হয়ে পড়ে রয়েছে। আকস্মিক এই ঘটনায় তিনি হতবাক হয়ে পড়েন। তবে সকলের ধারণা অতিরিক্ত গতিতে থাকার কারণে এই ঘটনা সংঘটিত হয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশাসনের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

