স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ মার্চ : যুবমোর্চার মন্ডল সভাপতির বাড়িতে হামলার প্রতিবাদে রামচন্দ্রঘাট বাজারে মহিলা মোর্চার পথ অবরোধ। এলাকার বিধায়ক রঞ্জিত দেববর্মার দিকে আঙ্গুল তুলে প্রশ্ন ছুড়লেন বিজেপি কর্মীরা। পাশাপাশি সরাসরি নিশানা করলেন তিপরা মথার দিকে। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার দুপুর বারোটা নাগাদ বিজেপি রামচন্দ্রঘাট মহিলা মোর্চার উদ্যোগে এক বিশাল সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার সকালে। অভিযোগ, রামচন্দ্রঘাট যুব মোর্চার মন্ডল সভাপতি রূপক ঘোষের বাড়িতে একদল দুষ্কৃতিকারী অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা কেবল ভাঙচুরই চালায় নি, বরং যুব মোর্চার মণ্ডল সভাপতির বৃদ্ধা মাকেও নির্মমভাবে মারধর করে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এদিন রাজপথে নামেন মহিলা মোর্চার সদস্যারা। দুপুর ১২টা নাগাদ রামচন্দ্রঘাট বাজারে পথ অবরোধ শুরু হলে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে।আন্দোলনকারীদের দাবি, যুব মোর্চার সভাপতির বাড়িতে আক্রমণ করেছে তিপরা মথার দুর্বৃত্তরা। যতক্ষণ না পুলিশ তাদের গ্রেপ্তার করবে, ততক্ষণ তাদের এই প্রতিবাদ জারি থাকবে। পাশাপাশি এলাকার বিধায়ক রঞ্জিত দেববর্মার দিকে আঙ্গুল তুলে বলেন কি কারণে যুব মোর্চার সভাপতির উপর আক্রমণ করা হয়েছে তার জবাব চায় তারা। পাশাপাশি আগামী দিন বৃহত্তর আন্দোলনেরও হুশিয়ারি দেন বিজেপি কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। শেষ পাওয়া খবর অনুযায়ী। এলাকায় উত্তেজনা বজায় থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান