স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ মার্চ : একদল হায়নার পাশবিক লালসার শিকার হলো এক নাবালিকা কন্যা। ঘটনা খোয়াই মহকুমার বাইজালবাড়ি এলাকায়। পুলিশ অভিযুক্ত পাঁচজনকে আটক করেছে। অভিযোগ, খোয়াই মহকুমার বাইজাল বাড়ি থানার অন্তর্গত হাদুক এলাকার লাবণ্য চৌধুরী বিদ্যালয়ের পেছনে একটি রাবার বাগানে বুধবার রাতে ঘটে গেল এক দানবীয় ঘটনা। একদল নরপিশাচ রুপী হায়নার পাশবিক লালসার শিকার হলো এক নাবালিকা।
রাত আটটা থেকে দশটার মধ্যে ঘটে এই বীভৎস ঘটনা। বৃহস্পতিবার সকালে বাইজাল বাড়ি থানায় অভিযোগ দায়ের করে অসহায় এই নাবালিকা কন্যার পরিবার। পুলিশ সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করে। অভিযুক্ত ৫ নর দানব বিশাল দেববর্মা,এলেন দেববর্মা, বাপি দেববর্মা,তুষার দেববর্মা এবং কাঁচ্যাং দেববর্মাকে গ্রেপ্তার করেছে বাইজাল বাড়ি থানার পুলিশ, বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক যুগল ত্রিপুরা। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি উঠেছে সর্বত্র।

