স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ মার্চ : ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে একগুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যা চলবে ৮ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত। গোটা বিষয়টি নিয়ে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরতে গিয়ে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা জানান, ৭ মার্চ জেলাশাসকের কার্যালয়ে একটি হলে প্রাক বিবাহ একটি কাউন্সিলিং সেন্টারে উদ্বোধন করা হবে।
অর্থাৎ এই সেন্টারে বৈবাহিক জীবন শুরু করতে যাওয়া ছেলে মেয়েদের নিয়ে কাউন্সিলিং করা হবে। ধীরে ধীরে পরিকল্পনা রয়েছে রাজ্যের আটটি জেলাতেই এ ধরনের কাউন্সিলিং এর সূচনা করার। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন জানিয়েছেন বৈবাহিক জীবনে যে সমস্ত সমস্যাগুলোর সম্মুখীন হয় দম্পতিরা সেই সমস্ত সমস্যাগুলো লাঘব করার জন্যই এ ধরনের কাউন্সিলিং এর আয়োজন। এছাড়া এবারের মূল কর্মসূচি হচ্ছে জনশুনানি। ৮ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত রাজ্যের প্রত্যেকটি জেলাতেই এই জনশুনানি কর্মসূচি হবে।

