আগরতলা, ৩ মার্চ (হি.স.) : ধলাই জেলার কমলপুরের লাম্বু চৌমুহনী এলাকায় আগরতলার এক বাস চালক ও সহচালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার আগরতলার রাধানগর বাস স্ট্যান্ড থেকে সব ধরনের যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ রাখা হয়। ফলে খোয়াই, কমলপুর ও কৈলাসহরগামী যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।
জানা গেছে, সোমবার বিকেলে আগরতলা থেকে যাত্রীবোঝাই একটি বাস কমলপুরের উদ্দেশ্যে রওনা দেয়। লাম্বু চৌমুহনী এলাকায় একটি ম্যাক্স গাড়ি ও অটোচালকের সঙ্গে বাসের চালক ও সহচালকের যাত্রী ওঠানামা নিয়ে বচসা বাধে। অভিযোগ, এই বচসার জের ধরে সংশ্লিষ্ট অটো ও ম্যাক্স গাড়ির চালকেরা বাসের চালক ও সহচালককে মারধর করেন। পরে তাঁরা আগরতলায় ফিরে থানায় এফআইআর দায়ের করেন।
অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার রাধানগর বাস স্ট্যান্ড থেকে খোয়াই, কমলপুর ও কৈলাসহর রুটে সমস্ত যাত্রী পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন মোটর শ্রমিকরা। রাধানগরের জনৈক মোটর শ্রমিক জানান, দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
হঠাৎ করে বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। এদিন রাধানগর বাস স্ট্যান্ডে গিয়ে বহু যাত্রী গাড়ি না পেয়ে সমস্যায় পড়েন। এক ছাত্রী জানান, তিনি খোয়াই যেতে চাইলেও কোনও গাড়ি না চলায় যেতে পারছেন না। অপর এক অফিসযাত্রী বলেন, সোমবার আগরতলায় বৈঠকে যোগ দিতে এসেছিলেন, মঙ্গলবার বাড়ি ফেরার কথা থাকলেও যানবাহন বন্ধ থাকায় আটকে পড়েছেন। অন্যান্য যাত্রীরাও এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে, মঙ্গলবার রাধানগর বাস স্ট্যান্ডের এক প্রতিনিধি দল কমলপুরের মানিক ভান্ডার এলাকায় গিয়ে স্থানীয় যানবাহন সংগঠনগুলির সঙ্গে আলোচনায় বসবেন বলে জানা গেছে। আলোচনায় সমাধানসূত্র বেরোলে তবেই পুনরায় রাধানগর থেকে খোয়াই, কমলপুর ও কৈলাসহর রুটে যান চলাচল স্বাভাবিক করা হবে।

