Sunday, September 20, 2026
বাড়ি রাজ্য নিয়োগের দাবিতে ফের আন্দোলনে নামল টেট উত্তীর্ণ চাকুরি প্রত্যাশীরা

নিয়োগের দাবিতে ফের আন্দোলনে নামল টেট উত্তীর্ণ চাকুরি প্রত্যাশীরা

নিয়োগের দাবিতে ফের আন্দোলনে নামল টেট উত্তীর্ণ চাকুরি প্রত্যাশীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ ফেব্রুয়ারি : এক সাথে নিয়োগের দাবি যেন ট্র্যাডিশন হয়ে গেছে। প্রতিবছর টেট পরীক্ষার ফলাফল ঘোষণা হলেই রাস্তায় নেমে একসাথে নিয়োগের দাবি করছে চাকুরী প্রত্যাশীরা। ব্যতিক্রমী নয় এবারও। একসঙ্গে সকলকে নিয়োগ করার জন্য আন্দোলনে নামল টেট উত্তীর্ণ চাকুরি প্রত্যাশীরা। টেট-১ ও টেট-২ উত্তীর্ণ চাকুরি প্রত্যাশীরা এইদিন প্রথমে শিক্ষা দপ্তরের অধিকর্তার সাথে সাক্ষাৎ করার জন্য শিক্ষা দপ্তরের উদ্দেশ্যে রওয়ানা হয়, তখন তাদেরকে পুলিশ আটকে দেয়। তারপর তারা অর্থ মন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য রওয়ানা হয়। অফিসলাইন এলাকায় পুলিশ তাদেরকে আটক করে ফেলে। পরবর্তী সময় পুলিশ তাদেরকে গাড়িতে করে এডিনগর অস্থায়ী ডিটেনশন ক্যাম্পে নিয়ে যায়। সেখানে কিছু সময় রাখার পর তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়।

 চাকুরি প্রত্যাশীরা জানায় সম্প্রতি সরকার কিছু শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কিন্তু দেখা গেছে টেট উত্তীর্ণ চাকুরি প্রত্যাশীর সংখ্যার তুলনায় শিক্ষকের শূন্যপদের সংখ্যা অনেকটা কম। অর্থাৎ চাকুরি প্রত্যাশী সকলে চাকুরি পাবে না। তাই তাদের দাবি শিক্ষকের শূন্য পদের সংখ্যা বৃদ্ধি করে সকলকে একসাথে নিয়োগ করা হোক। প্রতিদিন রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করে শিক্ষক সংকটের কথা তুলে ধরছে বলে নিজেদের স্বার্থে চাকুরির দাবি করলেন তারা। অথচ টেট পাশ করা মানেই চাকরি নয়, সরকার টেট উত্তীর্ণদের তালিকা তৈরি করে রাখে। যখন প্রয়োজন হবে তখন উত্তীর্ণদের থেকে নিয়োগ করবে। অথচ প্রতিবছর সরকারকে চাপে ফেলতে একসাথে নিয়োগের দাবি তোলে রাস্তায় নামে যুবক যুবতীরা। মঙ্গলবার চেহেরা আড়াল করতে মুখে মাস্ক পরিধান করে সামনের সারিতে দাঁড়িয়ে কিছু যুবক-যুবতী প্রতিবাদ জানায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha