স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ ফেব্রুয়ারি : শুক্রবার গভীর রাতে রাধাকিশোরপুর থানার পুলিশের তৎপরতায় গ্রেফতার করা হয় অভিযুক্ত রিঙ্কু দেবনাথ। ঘটনা উদয়পুরের গদা চৌমুহনি সংলগ্ন এলাকায়। জানা গেছে, জনৈক কেশব পালের বাড়ির ভাড়াটিয়া চিকিৎসক ডাঃ অর্পণ ভট্টাচার্য্য শুক্রবার গোমতী জেলা হাসপাতালে যাওয়ার সময় ঘরের লকারে রাখা মানিব্যাগটি খুঁজে পায় নি। মানিব্যাগের মধ্যে নগদ ২৫ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল। বাড়ির বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কিছু না পেয়ে তিনি সিসি ক্যামেরার ফুটেজ দেখেন।
তখন দেখতে পান, এক অজ্ঞাত মহিলা ঘরে প্রবেশ করে লকার থেকে মানি ব্যাগটি নিয়ে যাচ্ছে। পরবর্তীতে ডাঃ অর্পণ ভট্টাচার্য্য সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে রাধাকিশোরপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই রাধাকিশোরপুর থানার পুলিশ তদন্তে নামেন। ফুটেজের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাতেই গকুলপুর এলাকায় অভিযুক্তের বাপের বাড়ি থেকে রিঙ্কু দেবনাথকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, চুরি হওয়া ২৫ হাজার টাকার মধ্যে ২৩ হাজার ১০০ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি টাকার সন্ধানে তদন্ত চলছে। শনিবার অভিযুক্তকে জেলা দায়রা ও জর্জ আদালতে তোলা হবে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলী রায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

