Wednesday, February 18, 2026
বাড়িরাজ্যশ্রম দপ্তরের সামনে বামেদের বিক্ষোভ

শ্রম দপ্তরের সামনে বামেদের বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ ফেব্রুয়ারি :   কয়লা সংকটের কারণে ইট ভাট্টার কাজ বন্ধের প্রতিবাদে এবং সরকারের উদাসীনতার বিরুদ্ধে শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় সি আই টি ইউ অনুমোদিত ত্রিপুরা ইট ভাট্টা শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা। পরে শ্রম দপ্তরে একটি ডেপুটেশন প্রদান করেন তারা। ডেপুটেশনের পর সংগঠনের নেতা তথা সিআইটিইউ-র সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত বক্তব্য রাখতে গিয়ে দাবি করেন, রাজ্যের কোন সরকার আছে বলে অনুভব করতে পারছেন না।

 ২০১৮ সালের পর থেকে রাজ্যে উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে পড়ায় ইটভাট্টার সংখ্যা দিন দিন কমছে। যেমন, ২০১৮ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস পর্যন্ত রাজ্যে সাড়ে তিন শতাধিক ইটভাট্টা ছিল। কিন্তু গত সাত আট বছরে উন্নয়নমূলক কাজ স্তব্ধ হয়ে পড়ায় শতাধিক ইটভাট্টা বন্ধ হয়ে গেছে রাজ্যে। বর্তমানে যে ইটভাট্টা গুলি রয়েছে সেইগুলিও কয়লার অভাবে বন্ধ হওয়ার মুখে। ফলে শত শত কর্মী কর্মহীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে রাজ্যে।

 কিন্তু ২০১৮ সালের আগে বহুবার কয়লার অভাব রাজ্যে দেখা দিলেও কোন ইট ভাট্টা বন্ধ হয়নি। কয়লার অভাব নজরে আসতেই তৎকালীন বামফ্রন্ট সরকার জরুরি ভিত্তিতে উদ্যোগ গ্রহণ করতো। সেই উদ্যোগ বর্তমান সরকার গ্রহণ করছে না। বরং বর্তমান সরকার জনগণের পয়সা দিয়ে প্রতিদিন সুশাসনের কথা বলে ফ্লেক্স সাইনবোর্ড ছাপিয়ে চলেছে। জনগণের করের পয়সা অপব্যবহার করছে বলে দাবি করেন তিনি। তিনি আরো বলেন, একই সঙ্গে দুর্নীতির কথা বলে লাভ নেই, সরকারি উন্নয়নমূলক কাজের জন্য যে পয়সা রাজ্যে কেন্দ্র থেকে আসছে সেই টাকার অর্ধেকের বেশি লুটপাট করছে সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত। এভাবে সরকারকে কাঠগড়ায় তুললেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য