স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ জানুয়ারি: হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকার বসবাসকারীরা আতঙ্কিত! তাদের বাড়িঘর ভাঙ্গা হচ্ছে বাঁধ নির্মাণের কাজের জন্য। তাই বাধ্য হয়ে পরিবারগুলি জেলা শাসক ও মহকুমা শাসকের দ্বারস্থ হলেন। মঙ্গলবার জেলাশাসক কার্যালয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয় অসহায় পরিবার গুলির। বৈঠকের পর পরিবারগুলি জানায়, আধিকারিকদের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। প্রশাসনিক কাজের ফলে তাদের বাড়ি ঘরের বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারোর শৌচালয় ভাঙ্গা পড়ছে, আবার কারোর রান্নাঘর, আবার কারোর বসত ঘর। সব মিলিয়ে এক প্রকার বাদে হতাশায় দিন কাটাচ্ছেন পরিবার গুলি।
তাদের দাবি শতাধিক পরিবার রয়েছে নদীর তীরবর্তী এলাকায়। যারা এই ক্ষতির সম্মুখীন। এদিকে জেলা শাসক ডঃ বিশাল কুমার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ২০২৪ সালে ভয়াবহ বন্যার কারণে ব্যাপক ক্ষতি হয়েছে নদীর তীরবর্তী এলাকা। আগামী দিন শহরবাসী যাতে বন্যার শিকার হতে না হয় তার জন্য বাঁধ নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নদীর তীরবর্তী পরিবারগুলি জন্য পুনর্বাসনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত উনিশটি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। বাকিদের পুনর্বাসন করতে সরকার যথেষ্ট আন্তরিক। কিন্তু প্রশাসনিক কাজে তাদের সহযোগিতা করতে হবে। না হলে আগামী দিন পুনরায় বন্যার মুখোমুখি হবে শহরবাসী। এখন দেখার বিষয় প্রশাসনের উন্নয়নমূলক কাজের সঙ্গে কতটা কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করে সরকারি জমিতে বসবাস করা পরিবারগুলি।

