Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য বিভিন্ন দাবিতে মনিপুরী সংগঠনের মিছিল

বিভিন্ন দাবিতে মনিপুরী সংগঠনের মিছিল

বিভিন্ন দাবিতে মনিপুরী সংগঠনের মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ ডিসেম্বর : ত্রিপুরা মণিপুরী ছাত্র-যুব সমন্বয় কমিটির চতুর্থ সম্মেলন উপলক্ষে রবিবার একটি মিছিল সংঘটিত করা হয়। মিছিলটি রাধামাধব দেবতা বাড়ির রাধানগর থেকে বের হয়ে বিভিন্ন পদ পরিক্রমা করে পুনরায় সেই জায়গায় এসে সম্মেলনে মিলিত হয়। মূলত, ত্রিপুরা রাজ্যে মণিপুরী ও অন্যান্য সংখ্যালঘু তথা পশ্চাদপদ জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ও বহু স্তরীয় স্বশাসনের আন্দোলনকে শক্তিশালী করতে এই সম্মেলনের আয়োজন করা হয়।

ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটি ২০১১ সালের ১৯শে আগষ্ট তার প্রতিষ্ঠাকাল থেকেই রাজ্যের মণিপুরীদের সাংবিধানিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে মণিপুরীদের স্বশাসিত উন্নয়ণ পরিষদ গঠন, শিক্ষা, চাকরি জনপ্রতিনিধিত্বে সংখানুপাতিক সংরক্ষণ ও মাতৃ ভাষার স্বীকৃতির দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। বর্তমানে রাজ্যের মণিপুরীরা দীর্ঘ দিন ধরে চরম অবহেলার কারণে জমির মালিকানা, চিরাচরিত পেশা, কৃষ্টি-সংস্কৃতি থেকে শুরু করে সবকিছু হারিয়ে অস্তিত্বের চরম সংকটে পড়েছে। এমনকি চরম অর্থনৈতিক সংকটের ফলে মণিপুরীদের পারিবারিক কাঠামো পর্যন্ত ভেঙে পড়ছে। ভারতের সংবিধানের ৩৪৭ নং ও ৩৫০ (এ) নং ধারা মোতাবেক ত্রিপুরা রাজ্যে মণিপুরী ভাষার স্বীকৃতি প্রদান ও অন্তত প্রাথমিক স্তরে মণিপুরীদের মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। অবিলম্বে রাজ্য সরকার ঘোষিত মণিপুরী ভাষায় শিক্ষা চালু করতে স্কুলগুলিতে মণিপুরী ভাষা শিক্ষক নিয়োগ করতে হবে বলে দাবি জানান সংগঠনের সাধারণ সম্পাদক বিমল সিংহ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha